রংপুরে প্রথমার বইমেলা শুরু

রংপুরে প্রথমা প্রকাশন ও বেঙ্গল পাবলিকেশনসের যৌথ উদ্যোগে গতকাল সোমবার থেকে ছয় দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে পাবলিক লাইব্রেরি হলে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।
বেলা সাড়ে তিনটায় এ মেলার উদ্বোধন করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে এম নূর-উন-নবী। এ সময় অন্যদের মধ্যে আলোচনা করেন প্রবীণ শিক্ষাবিদ মুহম্মদ আলীম উদ্দীন, কারমাইকেল কলেজের অধ্যক্ষ আবদুল লতিফ মিয়া, রংপুর বেতারের সাবেক আঞ্চলিক পরিচালক মনোয়ারা বেগম, সাবেক অধ্যাপক শাহ আলম, লেখক ও সাহিত্যিক মফিজুল ইসলাম, আতাহার আলী খান, এ আই মুসা, স্বাত্বিক শাহ আলম মারুফ, তুহিন ওয়াদুদ, উমর ফারক, জি এম নজু, সুনীল সরকার, আফতাব হোসেন, আনোয়ারুল ইসলাম ও এম এ বাশার। এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, লেখক, পাঠক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
মেলা চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত। ছুটির দিনসহ প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা খোলা থাকবে। মেলায় ৩০ থেকে ৬০ শতাংশ কমিশনে প্রথমা প্রকাশনের বই, ২৫ থেকে ৫০ শতাংশ কমিশনে বেঙ্গল পাবলিকেশনসের বই বিক্রি হচ্ছে। দেশের অন্যান্য প্রকাশনীর বইও বিক্রি হবে ২৫ থেকে ৫০ শতাংশ কমিশনে। ভারতীয় নতুন বই বিক্রি হবে ১ রুপি সমান ১ দশমিক ৮ টাকায় এবং ভারতীয় পুরোনো বই বিক্রি হবে ১ রুপি সমান ১ দশমিক ৫ টাকায়।