রংপুরে প্রথমার বইমেলায় ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে প্রথমা প্রকাশন ও বেঙ্গল পাবলিকেশনসের যৌথভাবে আয়োজিত বইমেলায় গতকাল বইপ্রেমীদের ভিড় l প্রথম আলো
রংপুরে প্রথমা প্রকাশন ও বেঙ্গল পাবলিকেশনসের যৌথভাবে আয়োজিত বইমেলায় গতকাল বইপ্রেমীদের ভিড় l প্রথম আলো

রংপুরে প্রথমা প্রকাশন ও বেঙ্গল পাবলিকেশনসের যৌথ উদ্যোগে বইমেলায় বইপ্রেমীদের ভিড় বাড়ছে। গত সোমবার থেকে চলা ছয় দিনব্যাপী বইমেলা কাল শনিবার শেষ হবে। রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে পাবলিক লাইব্রেরি হলে এ মেলা হচ্ছে।

মেলা শুরু হওয়ার পর থেকে গত চার দিনে বইমেলায় মানুষের ভিড় ছিল উপচে পড়া। রংপুরসহ আশপাশের জেলা থেকেও অনেকে বই কিনতে এসেছেন। মেলার আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বই বিক্রি ভালো হচ্ছে।

মেলায় বই কিনতে এসে গতকাল বৃহস্পতিবার প্রবীণ শিক্ষাবিদ রেজাউল হক বলেন, রংপুরে প্রতিবছরই প্রথমার বইমেলা হওয়া দরকার। এতে এই প্রকাশনার বই খুব সহজে ও কমিশনে পাঠকেরা কিনতে পারবেন।

বই কিনতে আসা আরও এক ক্রেতা রংপুর মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষক আবদুর রউফ বলেন, ‘এখানে মেলা হওয়ায় হাতের কাছেই প্রিয় লেখকদের বই কিনতে পারলাম।’ এভাবে বইপ্রেমী অনেক ক্রেতা তাঁদের অনুভূতি ব্যক্ত করেন।

আজ ও কাল দুই দিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত বইমেলা খোলা থাকবে। এ মেলা সবার জন্য উন্মুক্ত। মেলায় ৩০ থেকে ৬০ শতাংশ কমিশনে প্রথমা প্রকাশনের বই, ২৫ থেকে ৫০ শতাংশ কমিশনে বেঙ্গল পাবলিকেশনসের বই বিক্রি হচ্ছে। দেশের অন্যান্য প্রকাশনীর বইও বিক্রি হচ্ছে ২৫ থেকে ৫০ শতাংশ কমিশনে। ভারতীয় নতুন বই বিক্রি হচ্ছে ১ রুপি সমান ১ দশমিক ৮ টাকায় ও ভারতীয় পুরোনো বই বিক্রি হচ্ছে ১ রুপি সমান ১ দশমিক ৫ টাকায়।