রংপুরে ফাঁকা রাস্তায় বেড়েছে ছিনতাই
তরুণীটি কাঁদছেন আর বলছেন, ‘আমার ভ্যানিটি ব্যাগ ছিনতাই হয়ে গেছে। ব্যাগে আড়াই হাজার টাকা ছিল। ছিল মোবাইল ফোন। জরুরি কিছু কাগজও ছিল।’ কাঁদতে কাঁদতে একসময় রাস্তার ওপর বসে পড়েন তরুণীটি। গত শনিবার রাত সাড়ে আটটার দিকে তিনি রংপুর শহরের মুন্সিপাড়ায় ছিনতাইয়ের শিকার হন।ঈদের ছুটিতে রংপুরে ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে। ছিনতাইকারীদের প্রধান টার্গেট নারীরা। ঈদের পর শহরের ফাঁকা সড়কগুলোয় গত তিন দিনে কমপক্ষে ২০টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।ছিনতাইয়ের শিকার অনেকেই জানান, ছিনতাইকারীরা মেয়ে ও নারীদের হাতে থাকা ভ্যানিটি ব্যাগ টান দিয়ে কেড়ে নিয়ে দৌড় দেয়। আর যেসব জায়গায় এসব ছিনতাইয়ের ঘটনা ঘটে, এর আশপাশে অলিগলি থাকে। ছিনতাই করে খুব সহজে ছিনতাইকারীরা সেসব গলি দিয়ে পালাতে পারে।ঈদের পরদিন বৃহস্পতিবার থেকে গত শনিবার পর্যন্ত শহরের পাড়া-মহল্লায় ছিনতাইকারীদের দৌরাত্ম্য বেড়ে গেছে।শহরের মাহিগঞ্জ রোডে ছিনতাইয়ের শিকার এক মেয়ের ভাই রুহুল আমিন জানান, গত শুক্রবার সন্ধ্যার পর শহর থেকে মাহিগঞ্জে বাড়ি ফেরার পথে রেশম কার্যালয়ের সামনে তাঁর বোন ছিনতাইয়ের শিকার হন। ছিনতাইকারীরা তাঁর মুঠোফোনটি ছিনিয়ে নেয়, কিন্তু ভ্যানিটি ব্যাগটি নেওয়ার জন্য টানাহেঁচড়া করেও পারেনি।বাংলাদেশ ব্যাংক মোড়ে গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে মেয়েকে সঙ্গে নিয়ে রিকশায় করে যাচ্ছিলেন শহরের ধাপ এলাকার গৃহিণী রিক্তা বেগম। তিনি জানান, রাস্তার পাশে ওত পেতে থাকা দুই ছিনতাইকারী রিকশা আটকে ভ্যানিটি ব্যাগটি নিয়ে পালিয়ে যায়।কেরানীপাড়া কেন্দ্রীয় বাস টার্মিনাল সড়কে গত শুক্রবার রাত নয়টার দিকে সাতগাড়ার কলেজপড়ুয়া শারমিন আক্তারের মুঠোফোন ও ভ্যানিটি ব্যাগটি ছিনতাই হয়েছে। একই দিন রাত ১০টার দিকে শহরের গোমস্তাপাড়ায় ছিনতাইয়ের শিকার হন এক দম্পতি। তাঁরা রিকশার জন্য অপেক্ষা করতে করতে হাঁটছিলেন। তাঁদেরও মুঠোফোন খোয়া গেছে।গত শুক্রবার রাত নয়টা থেকে ১০টার মধ্যে রংপুর সরকারি কলেজ রোডে তিনটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে ছিনতাইয়ের শিকার ভুক্তভোগী এক নারী জানিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘পথ চলতেও যদি এমন ঘটনা ঘটে, তাহলে আমাদের ছেলেমেয়েরা বাড়ির বাইরে কীভাবে বের হবে?’এ ছাড়া এই তিন দিনে শহরের শাপলা মোড় থেকে কলেজ রোডের লালবাগ পর্যন্ত তিনটি, শাপলার মোড় থেকে বাস টার্মিনাল যাওয়ার পথে গণেশপুর এলাকায় দুটি, শাপলা মোড় থেকে রেলওয়ে স্টেশন রোডে তিনটি, ইসলামবাগ, খাসবাগ, কটকীপাড়া ও তাজহাট বাবুপাড়া এলাকায় চারটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে।এসব ছিনতাইয়ের ঘটনায় থানায় কেউ মামলা করেনি। মামলা না করা প্রসঙ্গে নাম প্রকাশ না করার শর্তে ছিনতাইয়ের শিকার এক নারী জানান, থানা-পুলিশ করে কোনো লাভ হবে না, বরং মামলা করলে ভোগান্তি আরও বেড়ে যাবে।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন জানান, ছিনতাই হওয়ার খবর জানার পর পুলিশ পাঠানো হয়। তবে মামলা না হওয়ার কারণে কতটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, এর সঠিক পরিসংখ্যান তিনি জানাতে পারেননি।