রংপুরে বখাটে নাহিদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে মেধাবী ছাত্রী টুম্পা আকতার রুমার আত্মহননের ঘটনায় বখাটে যুবক নাহিদ হাসানের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা ও সহায়তার মামলা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে টুম্পার বাবা নূর ইসলাম কোতোয়ালি থানায় এ মামলা করেন। গতকাল শুক্রবার নাহিদকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হায়দার আলী মোল্লা বলেন, বখাটে নাহিদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা ও সহায়তা আইনের ৯/৩০ ধারায় মামলা হয়েছে। নাহিদ পুলিশের জিজ্ঞাসাবাদে মেধাবী ছাত্রী টুম্পাকে উত্ত্যক্তের কথা স্বীকার করেছে। ওসি জানান, মামলার এজাহারে বলা হয়েছে, নাহিদ সব সময় টুম্পাকে উত্ত্যক্ত করত। এ নিয়ে এলাকায় দুইবার সালিস বৈঠকও হয়েছে। কিন্তু বখাটে নাহিদ কোনো কথা শোনেনি।প্রসঙ্গত, টুম্পা রংপুর শহরের রাইফেলস পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী। দশম শ্রেণীতে তার ক্রমিক নম্বর ছিল দুই। মানবিক বিভাগ থেকে এ বছর তার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। বখাটে নাহিদের উত্ত্যক্ত সইতে না পেরে বৃহস্পতিবার নিজের ঘরে গলায় রশি পেঁচিয়ে টুম্পা আত্মহত্যা করে।এদিকে গতকাল বিকেলে জানাজার নামাজের পর সদর উপজেলার উত্তর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের কবরস্থানে টুম্পাকে দাফন করা হয়। রংপুর মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্ত শেষে বেলা তিনটার দিকে টুম্পার মরদেহ বানিয়াপাড়া গ্রামের বাড়িতে নেওয়া হয়। লাশ দেখে পরিবারের সদস্য, সহপাঠী, শিক্ষক-শিক্ষিকা ও এলাকাবাসী কান্নায় ভেঙে পড়েন। টুম্পার সহপাঠী লাইজু ইসলাম জানায়, ‘এ ঘটনা শোনার পর সারা রাত ঘুমাতে পারিনি।’ সালমা আক্তার বলে, ‘সে যে এভাবে চলে যাবে, তা কোনোভাবেই ভাবতে পারছি না।’ তারা সবাই বখাটে নাহিদের দৃষ্টান্তমূলক শাস্তি চায়।টুম্পার মা জোহরা বেগম কাঁদতে কাঁদতে বলেন, ‘আমার একমাত্র মেয়ে হারিয়ে গেল। তাকে আর কোনো দিন দেখতে পারব না।’