রংপুরে বগি লাইনচ্যুত, ছয় ঘণ্টা ট্রেন চলা বন্ধ
রংপুর শহরের লালবাগ রেলক্রসিং এলাকায় গতকাল বৃহস্পতিবার বেলা তিনটার দিকে লালমনিরহাটের বুড়িমারী থেকে পার্বতীপুরগামী বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এ কারণে ঘটনার পর থেকে ছয় ঘণ্টা রংপুরের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ ছিল। তবে ট্রেনের গতি কম থাকায় কেউ হতাহত হয়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা তিনটার দিকে ট্রেনটি রংপুর স্টেশন থেকে ছেড়ে এসে লালবাগ রেলক্রসিং পেরোনোর কিছুক্ষণ পরই পেছনের দুটি বগি লাইনচ্যুত হয়।
এর পরই চালক ট্রেনটি থামিয়ে দেন। এ সময় বগির ভেতরে থাকা যাত্রীরা চিৎকার করতে থাকেন, কয়েকজন যাত্রী দরজা ও জানালা দিয়ে লাফিয়ে নিচে নেমে পড়েন।
রংপুর রেলওয়ে স্টেশনের মাস্টার বেলায়েত হোসেন জানান, ট্রেনটি লালবাগ রেলক্রসিং পার হওয়ার পর পেছনের দুটি বগি লাইনচ্যুত হয়। এর ফলে রংপুরের সঙ্গে দিনাজপুর, পার্বতীপুর, সান্তাহারসহ বিভিন্ন এলাকার সঙ্গে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। উদ্ধারকারী ট্রেন এসে বগি দুটি উদ্ধার করলে রাত নয়টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। লাইনে ত্রুটি থাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন জানান, ট্রেন লাইনচ্যুত হওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এতে তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।