রংপুরে বনের পাশে তিন ইটভাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি বিধি লঙ্ঘন করে রংপুরের পীরগঞ্জ উপজেলায় সংরক্ষিত বনাঞ্চলের পাশে তিনটি ইটভাটা গড়ে উঠেছে। এ ছাড়া পরিবেশ আইন লঙ্ঘন করে কয়েকটি ইটভাটায় পাকা ও স্থায়ী চিমনির বদলে ড্রাম চিমনি ব্যবহার করে ইট পোড়ানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।ইটভাটা মালিক সমিতি সূত্র জানায়, তিন বছর আগে উপজেলায় ১৩টি ইটভাটা ছিল। তা এ বছর বেড়ে ২৫টিতে দাঁড়িয়েছে। এই ২৫টি ভাটার মধ্যে তিনটি বনাঞ্চলের পাশে গড়ে উঠেছে।রংপুর বিভাগীয় বন কার্যালয় সূত্র জানায়, ১৯৮৯ সালের ইট পোড়ানো (নিয়ন্ত্রণ) আইনে সংরক্ষিত বনাঞ্চল এলাকার তিন কিলোমিটারের মধ্যে ইটভাটা স্থাপন নিষিদ্ধ। কিন্তু উপজেলার মদনখালি ইউনিয়নের কাদিরাবাদ বনাঞ্চল এলাকায় ৫০০ গজের মধ্যে জিএনএম ও একই ইউনিয়নের পত্নীতলা এলাকায় এএলএন এবং এমএএইচ নামে তিনটি ইটভাটা গড়ে উঠেছে।স্বল্প উচ্চতার ড্রাম চিমনি ব্যবহারের ফলে এসব চিমনি থেকে মনোঅক্সাইড, কার্বন ডাই-অক্সাইড, নাইট্রোজেন জাতীয় পদার্থ সরাসরি ইটভাটার আশপাশের লোকালয়ে নির্গত হচ্ছে। এ জাতীয় পদার্থ মানবদেহের জন্য ক্ষতিকর করে বলে জেলার সিভিল সার্জন রেজাউল করিম জানিয়েছেন।মদনখালি ইউনিয়নে ঠাকুরদাশ গ্রামে জিএনএম ইটভাটার মালিক মোস্তাফিজার রহমান বলেন, ‘আমার ইটভাটা থেকে বন কিছুটা দূরেই রয়েছে।’ তবে কত দূরে, তার সঠিক হিসাব তিনি দিতে পারেননি।থিরারপাড়া গ্রামের এএলএন ইটভাটার মালিক আলমগীর হোসেন বলেন, ‘কর্তৃপক্ষের অনুমতি নিয়েই ভাটা করেছি। বনের জমির কোনো ক্ষতি তো করা হয়নি।’ একই এলাকার এমএএইচ ইটভাটার মালিক আবদুল আজিজ বলেন, ‘নিজের জায়গায় ইটভাটা করেছি। এতে তো কারও ক্ষতি হচ্ছে না।’ পীরগঞ্জ ইটভাটা মালিক সমিতির সভাপতি এনামুল হক বনের পাশে ইটভাটা থাকার কথা স্বীকার করে বলেন, ‘আমি ইটভাটার মালিক হয়েও বলতে চাই, সংরক্ষিত বনাঞ্চলের পাশে এসব ইটভাটা সম্পূর্ণ অবৈধ। এ বিষয়ে কয়েকবার ব্যক্তিগত উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানিয়েছি। এর পরও যখন কিছু হচ্ছে না, তখন আমি নিজেই হতাশ হয়ে পড়েছি।’মিঠাপুকুর ও পীরগঞ্জ এই দুই উপজেলার দায়িত্বে থাকা মিঠাপুকুরের বন কর্মকর্তা আনিসুল হক পীরগঞ্জের কাদিরাবাদ বনের পাশে তিনটি ইটভাটা গড়ে তোলার কথা স্বীকার করে বলেন, ‘খুব শিগগির একটি ভ্রাম্যমাণ দল এ বিষয় নিয়ে কাজ শুরু করবেন।’ইউএনও আবু শাহীন মো. আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘বনসংক্রান্ত বিষয়ে উপজেলা প্রশাসনের তেমন সম্পৃক্ততা নেই।’