রংপুরে বর্ষবরণের অনুষ্ঠানে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে পাবলিক লাইব্রেরী মাঠে চৈত্র সংক্রান্তি ও বৈশাখ বরণ উপলক্ষে নিরাপত্তার জন্য বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা। ছবিটি গতকাল দুপুরের l প্রথম আলো
রংপুরে পাবলিক লাইব্রেরী মাঠে চৈত্র সংক্রান্তি ও বৈশাখ বরণ উপলক্ষে নিরাপত্তার জন্য বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা। ছবিটি গতকাল দুপুরের l প্রথম আলো

রংপুরে আজ বর্ষবরণের অনুষ্ঠানে পাবলিক লাইব্রেরি মাঠ ও কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা। ১২টি সিসিটিভি ক্যামেরা ও প্রবেশপথে চারটি আর্চওয়ে যন্ত্র বসানো হয়েছে। সিটি করপোরেশন ও পুলিশ প্রশাসন যৌথ উদ্যোগে এই ব্যবস্থা নিয়েছে।
প্রতিবছরের মতো এবারও রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে ও সিটি করপোরেশনের সহযোগিতায় বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল সাড়ে ছয়টায় শুরু হবে এসব অনুষ্ঠান। এ জন্য মাঠ-সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনার ও টাউন হল চত্বর এলাকায় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মাঠে প্রবেশের পথে বসানো চারটি আর্চওয়ে যন্ত্র হয়ে সবাইকে ভেতরে প্রবেশ করতে হবে। সেই সঙ্গে শহীদ মিনারের মঞ্চ, মাঠের ভেতর ও ফটকে ১২টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। প্রধান ফটকের বাইরে পুলিশের নিয়ন্ত্রণকক্ষ রয়েছে। সাদাপোশাকে পুলিশ থাকবে।
সকাল সাড়ে ছয়টায় ঢাকের বাদ্য ও বিভিন্ন যন্ত্র পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন হবে। এরপর একে একে বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন কবিতা, গান ও নৃত্য পরিবেশন করবে। অনুষ্ঠান চলবে সন্ধ্যার আগ পর্যন্ত।
জেলা পুলিশ সুপার আবদুর রাজ্জাক জানান, মাঠজুড়ে নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। সেই সঙ্গে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোয় বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হবে।
মেয়র সরফুদ্দীন আহমেদ ঝন্টু সুন্দর ও সুষ্ঠুভাবে বর্ষবরণের অনুষ্ঠান শেষ করার জন্য নগরবাসীর সহযোগিতা কামনা করেছেন।
জেলা প্রশাসনের আয়োজনে রংপুর জিলা স্কুলের বটতলায় সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে জেলা শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে। এরপর বের করা হবে মঙ্গল শোভাযাত্রা। সকাল সাড়ে নয়টায় জিলা স্কুল মাঠ থেকে এটি বের হবে। এ ছাড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের মঙ্গল শোভাযাত্রা বের হবে সকাল সাড়ে ১০টায় পাবলিক লাইব্রেরি মাঠ থেকে।