
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় তিস্তা নদীতে ভাঙন দেখা দিয়েছে। ভাঙন ঠেকাতে জরুরিভিত্তিতে বালুর বস্তা ফেলা হচ্ছে। সেটি টিকবে কি না, এ নিয়ে শঙ্কা রয়েছে এলাকাবাসীর। সেই সঙ্গে নিচু এলাকা বন্যাকবলিত হয়েছে।
গত সোমবার রাত থেকে গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত উপজেলার আলমবিদিতর, নোহালী ও কোলকোন্দ ইউনিয়নের বিভিন্ন এলাকায় শ খানেক বসতভিটা ও কিছু আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়েছে।
আলমবিদিতর ও কোলকোন্দ ইউনিয়নের বিভিন্ন এলাকায় গিয়ে গতকাল সকালে দেখা যায়, আলমবিদিতর ইউনিয়নের পাইকান এলাকায় নদীর ভাঙন থেকে রক্ষা পেতে ঠিকাদার বালুর বস্তা ফেললেও তা কিছুক্ষণের মধ্যে নদীভাঙনে বিলীন হচ্ছে। এরপরও কাজ থেমে নেই। এ ছাড়া একই ইউনিয়নের সাউথপাড়ায় যোগাযোগের একমাত্র সড়কটি নদীর পানির প্রবল স্রোতে গতকাল ভোরের দিকে ভেঙে গেছে। ফলে ওই এলাকার প্রায় দুই শ পরিবারের ঘরবাড়িতে পানি উঠেছে। এ ছাড়া তিস্তা নদীর ভাঙন আলমবিদিতর ইউনিয়নের পাইকান জুম্মাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খুব কাছে এসে পৌঁছেছে। বালুর বস্তা ফেলে বিদ্যালয়টি রক্ষার চেষ্টা চলছে, কিন্তু বিদ্যালয়টি রক্ষা হবে কি না, তা নিয়ে সবার মধ্যে শঙ্কা রয়েছে। নদীর মুখে বিদ্যালয়টি আসার পরও গতকাল এ বিদ্যালয়ে পাঠদান হয়েছে। তবে শিক্ষার্থীদের উপস্থিতি অনেক কম ছিল। বর্তমানে এ বিদ্যালয়ে শিশুশ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় ২০০ শিক্ষার্থী রয়েছে। প্রধান শিক্ষকসহ পাঁচ শিক্ষক কর্মরত আছেন।
পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রফিকুল ইসলাম, চতুর্থ শ্রেণির মাজেদা বেগম বলে, ‘অনেক ভয় লাগলেও স্কুলে আসছি।’
এক শিক্ষার্থীর অভিভাবক জামাল উদ্দিন বলেন, ‘এবার মনে হয় স্কুলটা টেকে কী না। ছাওয়াগুলা যে স্কুল যাইবে, তাতে করি খুব ভয়ও লাগে। দেইকপারে পাইতছেন স্কুলের সাথে লাগি গেইছে নদী।’
প্রধান শিক্ষক বদরুল হাসান বলেন, ভয়ে অনেকে স্কুল আসা বন্ধ করে দিয়েছে।
নদীভাঙনের শিকার আলমবিদিতরের সাউথপাড়ার রুহুল আমিন বলেন, ‘হামার আর কিছু থাকল না। এবার সোগ শেষ হয়া গেল।’ পাইকান গ্রামের লাইলী বেগম বলেন, ‘কোনো রকমে ঘর সরবার পারচি, কিন্তু থাকার জায়গাসহ অল্প একনা জমি আছল, তা–ও এবার শেষ হইল।’
আলমবিদিতর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আফতাবুজ্জামান বলেন, ভাঙনরোধে চেষ্টা করা হচ্ছে, কিন্তু শেষমেশ কী হবে, তা বলা মুশকিল। এই এক দিনের ভাঙনে ইউনিয়নের ৪০ পরিবারের বসতভিটা ও আবাদি জমি বিলীন হয়েছে।
কোলকোন্দ ইউনিয়নের চিলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়টিও নদীভাঙনের মুখে এসেছে। এ ইউনিয়নের মটুকপুর, বিনাবিনাসহ আরও কিছু এলাকায় মানুষের আবাদি জমি ও বসতভিটা গত এক দিনের ব্যবধানে নদীভাঙনে বিলীন হওয়ার খবর জানা গেছে।
চিলাখাল গ্রামের জিয়াউর রহমান বলেন, ‘হঠাৎ রাইতোত পানি। ঘরের মাল নিয়া ছুটাছুটি। এলা ফির নদীত ভাঙি গেল থাকার জায়াগাকোনাও।’
কোলকোন্দ ইউপি চেয়ারম্যান সোহরাব আলী বলেন, গত এক দিনেই ৫০ পরিবারের ঘরবাড়ি ও আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) রংপুর কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মাহমুদ আহমেদ বলেন, নদীর ভাঙনরোধে জরুরিভিত্তিতে বালুর বস্তা ফেলা হচ্ছে।