রংপুরে বাস খাদে, একই পরিবারের নিহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের পীরগঞ্জের আংড়ার ব্রিজ এলাকায় বিআরটিসির একটি বাস খাদে পড়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০ জন। আজ সোমবার সন্ধ্যা সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, আজ সন্ধ্যা সাতটার দিকে গাইবান্ধা থেকে রংপুরগামী বিআরটিসির একটি বাস আংড়ার ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২০ ফুট নিচে খাদে পড়ে যায়। এতে একই পরিবারের তিনজন ঘটনাস্থলেই মারা যান। আহত হন ৩০ জন। এর মধ্যে ১২ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আর বাকিদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হতাহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ বাসটি উদ্ধার করেছে।
রংপুর হাইওয়ে পুলিশের সার্জেন্ট গাজী শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।