রংপুরে বাস চলাচল বন্ধ
রংপুর বিভাগ মোটর শ্রমিক ফেডারেশন ও রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদের বাড়িতে হামলার প্রতিবাদে আজ মঙ্গলবার সকালে রংপুর বিভাগে বাস চলাচল বন্ধ করার ঘোষণা দেওয়া হয়েছে।
বেলা ১১টার দিকে রংপুরের তাজহাট এলাকায় এম এ মজিদ সাংবাদিকদের কাছে এমন দাবি করেন।
গতকাল সোমবার দিবাগত রাত একটার দিকে রংপুর সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ড যুবলীগের নেতা ইমরান মিয়া (২৫) ছুরিকাঘাতে আহত হন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান। এ ঘটনার জেরে ইমরানের সমর্থকেরা এম এ মজিদের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে।
এদিকে এম এ মজিদের এমন ঘোষণার পর রংপুর থেকে নতুন করে আর কোনো বাস ছাড়ছে না। তবে যেসব বাস এ ঘোষণার আগে ছেড়ে এসেছে, সেগুলো গন্তব্যের উদ্দেশে যাচ্ছে।
সাধারণ সম্পাদকের ঘোষণার পর রংপুর শহরের কামারপাড়ায় ঢাকা বাসস্ট্যান্ড ঘুরে দেখা গেছে, সেখানের সব বাস কাউন্টার বন্ধ রয়েছে। সেখান থেকে ঢাকাগামী কোনো বাস ছাড়ছে না।
এ ব্যাপারে ঠাকুরগাঁও মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আবদুল জব্বার প্রথম আলোকে বলেন, বাস চলাচল বন্ধের কোনো খবর এখনো তিনি পাননি। জেলায় বাস চলাচল স্বাভাবিক রয়েছে।