রংপুরে বাসচাপায় তিন ভাই-বোনের মৃত্যু
রংপুর নগরের দর্শনা মোড়ে আজ সোমবার বিকেলে বাসচাপায় তিন শিশুর মৃত্যু হয়েছে।
নিহত শিশুরা হলো শরিফুল ইসলাম (১৩), আবদুস সালাম (৮) ও দিশা (৬)। শরিফুল ও সালাম আপন দুই ভাই। আর দিশা তাদের মামাতো বোন।
তিন ভাই-বোন একই সাইকেলে করে দর্শনা মোড়ের পাশে সূত্রাপুর এলাকায় বাড়িতে ফিরছিল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বিকেল তিনটার দিকে ঢাকা থেকে দিনাজপুরগামী যাত্রীবাহী একটি বাস নগরের দর্শনা মোড়ে সাইকেলে থাকা তিন শিশুকে পেছন দিক থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দিশা মারা যায়। এরপর হাসপাতালে নেওয়ার পথে শরিফুলের মৃত্যু হয়। আর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সালাম মারা যায়।
নিহত শিশুদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, দর্শনা বিনোদপুর বালাপাড়া হাফিজিয়া মাদ্রাসা থেকে শরিফুল তার ছোট ভাই ও মামাতো বোনকে সাইকেলে করে বাড়িতে নিয়ে আসার পথে এ দুর্ঘটনা ঘটে।
শরিফুল ও সালামের বাবা আবদুল মোমিন ভাড়ায় ব্যাটারিচালিত অটোরিকশা চালান। সূত্রাপুর এলাকায় তাঁর বাড়িতে গিয়ে দেখা গেল, দুই ছেলে হারিয়ে তিনি বিলাপ করছিলেন। তাঁর স্ত্রী সখিনা বেগম কাঁদতে কাঁদতে বারবার মূর্ছা যাচ্ছিলেন।
ঘটনাস্থলে উপস্থিত থাকা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম তিন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।