রংপুরে বাসের চাপায় নিহত ৫
রংপুর নগরে যাত্রীবাহী বাসের চাপায় টেম্পোর পাঁচ যাত্রী নিহত ও চারজন আহত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় নগরের হাজিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনগণ রংপুর-দিনাজপুর মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখে।
নিহত ব্যক্তিরা হলেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার খামারগাড়া গ্রামের রওশন আরা (৪০), আলতানুর বেগম (৩৫), রাকিব হোসেন (১৫), একই উপজেলার ফিটরাজিব গ্রামের জোহরা খাতুন (৬৫) এবং রংপুর নগরের হাজিরহাট এলাকার মোহাম্মদ আলী (৪০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল সন্ধ্যা ছয়টার দিকে রংপুর থেকে দিনাজপুর যাওয়ার সময় সুমিতা পরিবহনের একটি বাস রংপুর-দিনাজপুর-হাজিরহাট এলাকায় একটি যাত্রীবাহী টেম্পোকে (মাহেন্দ্র) চাপা দেয়। এতে ঘটনাস্থলে রওশন আরা, আলতানুর বেগম ও রাকিব হোসেন নিহত ও ছয়জন আহত হয়েছেন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর জোহরা খাতুন ও মোহাম্মদ আলী মারা যান। দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে যায়। পুলিশ বাসটি আটক করেছে।