রংপুরে বাড়ছে খুন-ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে ছিনতাই ও খুনের ঘটনা বেড়েই চলছে, যার কারণে শহরবাসী উদ্বিগ্ন। গত চার মাসে ছিনতাই হয়েছে ৪০টির বেশি আর খুন হয়েছে আটটি। অনুসন্ধান ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শহরের কলেজ রোডে কারমাইকেল কলেজ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অবস্থিত। এ এলাকার ছাত্রীরা কলেজ রোড দিয়ে শহরে কেনাকাটার জন্য যাওয়া-আসা করেন। দুপুরের দিকে কলেজ রোডের খামার এলাকা, চারমাথার মোড় কিছুটা নির্জন থাকায় ছিনতাইকারীরা রিকশা থেকে ভ্যাানিটি ব্যাগ টান দিয়ে নিয়ে দৌড়ে পালায়। ছিনতাইয়ের শিকার একজন ব্যবসায়ী ধাপ এলাকার মোকসেদ মিয়া বলেন, ‘যা হওয়ার তো হয়েছে। মামলা করে কী হবে?’ ছিনতাইয়ের শিকার মুলাটোলের একজন গৃহিণী রোকসানা আকতার বলেন, ‘পুলিশের জানা আছে এই শহরে কারা ছিনতাই করে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।’ গত চার মাসের ব্যবধানে শহর ও সদর উপজেলায় সাতটি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে সবশেষ শহরের মুন্সিপাড়ায় যুবদলের নেতা মোশাররফ হোসেনকে একদল সন্ত্রাসী কুপিয়ে হত্যা করে। তাঁর দুই হাতের কবজিও কেটে ফেলা হয়েছে। পূর্বশত্রুতার জের ধরে ডিশ অ্যান্টিনার ব্যবসা কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। শহরের নীলকণ্ঠ এলকায় ভোলা (৩০) ভোর রাতে খুন হন। শহরের বাবু খাঁ এলাকায় মোবাইলের ফ্লেক্সির ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক (২২) খুন হয়েছেন। সাতগাড়ার দামোদারপুর এলাকায় কৃষক মমতাজুল ইসলামকে খুন করে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হায়দার আলী মোল্লা বলেন, ‘মাদকাসক্ত বেকার যুবকেরাই এসব করছে। অপরাধীদের ধরার জন্য আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই। এ জন্য জনগণকে সহযোগিতা করতে হবে।’ পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, অপরাধীদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদকসেবীরাই এসব অপরাধের সঙ্গে সম্পৃক্ত বলে তিনি মন্তব্য করেন।