রংপুরে বিএনপি নেতার লাশ উদ্ধার
রংপুর সদর উপজেলার পরশুরাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক একরামুল হকের লাশ গতকাল শুক্রবার উদ্ধার করেছে পুলিশ।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, পরশুরাম ইউনিয়নের আমাশু গ্রামের একটি রাস্তার পাশে গতকাল সকালে এলাকাবাসী একরামুল হকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।একরামুল হকের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।তবে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সামসুজ্জামান অভিযোগ করেছেন, সামনে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। এ জন্য প্রতিপক্ষের লোকজন একরামুলকে হত্যা করেছে। তিনি ঘটনার সঠিক তদন্তের দাবি জানান। রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হায়দার আলী মোল্লা জানান, এ ঘটনায় এখনো কেউ মামলা করেনি। একরামুলের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে তাঁর পকেটে নেশাজাতীয় বড়ি পাওয়া গেছে।