রংপুরে বিএনপির দুই পক্ষ মারমুখী
রংপুরে বিএনপির বিবদমান দুই পক্ষ এখন মারমুখী অবস্থান নিয়েছে। গত শনিবার সন্ধ্যায় দুই পক্ষের সংঘর্ষে জেলা কমিটির নির্ধারিত সভা পণ্ড হয়ে যায়।দলীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শনিবার বেলা তিনটায় শহরের গ্রান্ড হোটেল মোড়ে অবস্থিত বিএনপির কার্যালয়ে জেলা আহ্বায়ক কমিটির এক সভা আহ্বান করা হয়। সন্ধ্যার দিকে জেলা বিএনপির আহ্বায়ক মোজাফফর হোসেনের সভাপতিত্বে সভা শুরু হয়। সভায় কয়েকটি উপজেলা, পৌর কমিটি অনুমোদন ও জেলার কাউন্সিলের তারিখ নির্ধারণে আলোচনা চলছিল। এ সময় বিবদমান দুই পক্ষ প্রথমে তর্কে জড়িয়ে পড়ে। পরে সভাস্থলের বাইরে থেকে স্লোগান দিয়ে তারা কার্যালয়ে হামলা চালায়। এতে মোজাফফর হোসেনের নেতৃত্বাধীন কয়েকজন নেতা আহত হন। ক্ষুব্ধ নেতা-কর্মীরা জেলা বিএনপি কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুরসহ কাগজপত্র ছিঁড়ে ফেলেন। রাত ১০টা পর্যন্ত দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। দুই পক্ষের একটির নেতৃত্বে আছেন জেলা কমিটির আহ্বায়ক মোজাফফর হোসেন। অপরটির নেতৃত্ব দিচ্ছেন যুগ্ম আহ্বায়ক মমতাজ শিরিন। তাঁদের মধ্যে দ্বন্দ্বের কারণে এর আগে জেলার গঙ্গাচড়া, মিঠাপুকুর ও পীরগঞ্জ উপজেলার কাউন্সিল নিয়ে সংঘর্ষ হয়েছে। গত শনিবারের ঘটনা সম্পর্কে মমতাজ শিরিন পক্ষের নেতা বদরুল ইসলাম বলেন, ‘মোজাফফর হোসেন দলের আহ্বায়ক নির্বাচিত হওয়ার পর ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে বিভিন্ন উপজেলাসহ অন্যান্য কমিটিগুলো করার চেষ্টা করছেন। তাই নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। এ কারণেই সভাস্থলে হাঙ্গামা হয়েছে।’ এদিকে মোজাফফর হোসেন বলেন, নিয়মানুযায়ী জেলা কমিটির সভা ডাকা হয়েছে। কয়েকটি উপজেলা ও পৌর কমিটির অনুমোদন হওয়ার মুহূর্তে সভায় হামলা চালানো হয়েছে। যাঁরা হামলা করে সভা পণ্ড করেছেন, তাঁরা বিএনপির রাজনীতির চরম ক্ষতি করেছেন বলে মন্তব্য করেন তিনি।