রংপুরে বিএনপির নতুন কমিটি বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে বিএনপির সদ্যঘোষিত জেলা ও মহানগর কমিটি বাতিলের দাবি জানিয়ে এবং বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব ওরফে দুলুকে অবাঞ্ছিত ঘোষণা করে গতকাল মঙ্গলবার দলের বিদ্রোহী অংশ বিক্ষোভ সমাবেশ করেছে৷
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব স্বাক্ষরিত চিঠির পরিপ্রেক্ষিতে গত সোমবার এমদাদুল হক ভরসাকে সভাপতি ও সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে জেলা এবং মোজাফফর হোসেনকে সভাপতি ও সামসুজ্জামান সামুকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যবিশিষ্ট মহানগর কমিটি গঠন করা হয়। কমিটি ঘোষণার পর বিদ্রোহী অংশ বিক্ষোভে ফেটে পড়ে। গতকাল সকালে তারা শহরের গ্রান্ড হোটেল মোড়ের জেলা বিএনপি কার্যালয়ের নিয়ন্ত্রণ নিয়ে নেয়৷ এরপর দুপুর ১২টার দিকে সেখান থেকে ঝাড়ু মিছিল করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের পায়রা চত্বরে এসে এক সমাবেশ করে। সমাবেশে জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও নতুন কমিটির সহসভাপতি মমতাজ শিরীন ভরসার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন মহানগর বিএনপির নতুন কমিটির যুগ্ম সম্পাদক রইস আহমেদ ও শহীদুল ইসলাম, জেলা কৃষক দলের সভাপতি আবু তাহের, ছাত্রদলের সাবেক সভাপতি ও নতুন জেলা কমিটির সহসাংগঠনিক সম্পাদক মাহফুজ-উন-নবী। সমাবেশ শেষে আসাদুল হাবিবের কুশপুত্তলিকা দাহ করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, যাঁরা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে রাজপথের আন্দোলনে ছিলেন, তাঁদের উপযুক্ত পদ থেকে বঞ্চিত করা হয়েছে। যাঁদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে, তাঁরা সব সময় সুবিধার রাজনীতি করেছেন। এই কমিটি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
বিদ্রোহী পক্ষের নেতা মমতাজ শিরীন ভরসা বলেন, ২৪ ঘণ্টার (বুধবার) মধ্যে কমিটি বাতিল করা না হলে আন্দোলন অব্যাহত থাকবে। সেই সঙ্গে রংপুর বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্বপ্রাপ্ত নেতা আসাদুল হাবিবকে রংপুরে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।
এমদাদুল হক ভরসা বলেন, ‘কেদ্রীয় কমিটি থেকে এই কমিটি ঘোষণা করা হয়েছে। দলকে সুসংগঠিত করতে কাজ করে যাব।’