রংপুরে বিএনপির ১১৬ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
রংপুরে বিস্ফোরণের দুটি ঘটনায় মহানগর বিএনপির সভাপতি মোজাফফর হোসেন ও সাধারণ সম্পাদক সামসুজ্জামানসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১১৬ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। গত বুধবার রাতে পুলিশ বাদী হয়ে কোতোয়ালি থানায় দুটি মামলা করেছে।
গত মঙ্গলবার রংপুর শহরের রবার্টসনগঞ্জ এলাকায় যুবদলের কর্মী রাসেলের বাড়িতে বোমা বানানোর সময় বিস্ফোরণে জেলা যুবদলের সহ-সম্পাদক ফিরোজ সরকারের (২৮) ডান হাতের তিনটি আঙুল উড়ে যায়। তিনি এখন গ্রেপ্তার অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) ওয়ালিউর রহমান বুধবার রাতে বিস্ফোরক আইনে একটি মামলা করেন। এতে মোজাফফর হোসেনসহ বিএনপি, যুবদল, ছাত্রদলের ৬৫ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া গত সোমবার জেলা পরিষদের গেটে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় সামসুজ্জামানসহ ৫১ জন নেতা-কর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করেছেন কোতোয়ালি থানার এসআই ফেরদৌস আহমেদ।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, ঘটনা তদন্ত করে মামলা করা হয়েছে। দুই মামলায় ১১৬ জনের নাম উল্লেখসহ এবং অজ্ঞাত আরও ৫০০ কর্মীকে আসামি করা হয়েছে।