রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৭১ টিভির সাংবাদিক লাঞ্ছনা ও ক্যামেরা ভাঙচুরের প্রতিবাদে গতকাল মঙ্গলবার সাংবাদিকেরা বিক্ষোভ করেছেন। বেলা ১১টায় প্রেসক্লাবের সামনে তাঁরা এ মানববন্ধন করেন। এ সময় সেখানে প্রতিবাদ সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন স্থানীয় পত্রিকা দৈনিক দাবানল-এর সম্পাদক খন্দকার গোলাম মোস্তফা। সংহতি জানিয়ে বক্তব্য দেন সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহমেদ, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও সাবেক সাংসদ মোফাজ্জল হোসেন, মহানগর জাতীয় পার্টির সদস্যসচিব এস এম ইয়াসির, জেলা ওয়ার্কার্স পার্টি সভাপতি নজরুল ইসলাম হক্কানী, সাংবাদিকদের মধ্যে প্রেসক্লাবের সভাপতি এ কে এম ফজলুল হকসহ মাহবুব রহমান, মানিক সরকার, জয়নাল আবেদীন, ছালেকুজ্জামান, মাজহার মান্নান, রশিদ বাবু।
মানববন্ধন শেষে দুপুর ১২টার দিকে মিছিল বের করা হয়। মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সাংবাদিকেরা বিভিন্ন স্লোগান দেন।
বেলা একটার দিকে সাংবাদিকেরা জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেন। এতে ৭১ টিভির সাংবাদিককে লাঞ্ছনা ও ক্যামেরা ভাঙচুরে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।