রংপুরে বিদ্যালয় মাঠ দখলের অপচেষ্টা
রংপুরের মাহীগঞ্জে অবস্থিত আফানউল্লাহ উচ্চবিদ্যালয়ের খেলার মাঠ দখলের অপচেষ্টা প্রতিহত করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। গত সোমবার দেড় হাজারের বেশি শিক্ষার্থী বিদ্যালয়ের মাঠে লাগানো গাছ ও বাঁশের চাটাইয়ের বেড়া ভেঙে দিয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত শনিবার রাতে গাছ লাগিয়ে এবং বাঁশের চাটাই দিয়ে ঘিরে মাহীগঞ্জের আফানউল্লাহ উচ্চবিদ্যালয়ের মাঠ স্থানীয় সারগাম ক্লাব দখলে নেওয়ার চেষ্টা করে। এর প্রতিবাদে সোমবার বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এসব গাছ উপড়ে ফেলে ও বেড়া গুঁড়িয়ে দেয়। এরপর তারা বেলা সাড়ে ১১টা থেকে একটা পর্যন্ত শহরের সাতমাথা এলাকায় রংপুর-কুড়িগ্রাম সড়ক অবরোধ করে। অবরোধের পর ওই স্থানে তারা মানববন্ধন করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন জানান, প্রায় এক একর জায়গার মাঠটি ১৯৭২ সালে বিদ্যালয়ের নামে বরাদ্দ দেওয়া হয়। সারগাম ক্লাবের প্রতিষ্ঠাতা তুহিন চৌধুরী বলেন, ‘মাঠটি বিদ্যালয়ের নয়। এটি খাসজমি। এ জমি সারগাম ক্লাবের নামে বরাদ্দ নেওয়ার জন্য আমরা আবেদন করেছি। অনুমোদন পেলে এখানে একটি উন্মুক্ত মঞ্চ নির্মাণ করা হবে। আর মাঠের সৌন্দর্য বাড়ানোর জন্য আমরা গাছ লাগিয়েছি, দখলের জন্য নয়।’