রংপুরে বিদ্যুতের চোরাই তার উদ্ধার, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পাগলাপীর এলাকার একটি বাড়ি থেকে গতকাল শনিবার দুপুরে পল্লী বিদ্যুতের বিপুল পরিমাণ চোরাই তার উদ্ধার করা হয়েছে৷ এ সময় পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন জানান, উদ্ধার করা এসব তারের আনুমানিক মূল্য ১০ লাখ টাকা হবে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে৷ ঘটনাস্থল থেকে আনিসুর রহমান (৪০) নামের একজনকে গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালি থানার পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর এলাকার ভোলানাথের ভাড়াবাড়িতে পল্লী বিদ্যুতের সাত হাজার ৮৪৫ মিটার চোরাই তার উদ্ধার করা হয়। এ সময় ওই বাড়ি থেকে আনিসুর রহমানকে আটক করা হয়। আনিসুরের বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায়। সেখানে তিনি ভাড়া থাকেন। আনিসুর একটি সংঘবদ্ধ চোর চক্রের সদস্য৷ তারা বিদ্যুতের তারসহ অন্যান্য মালামাল চুরির সঙ্গে জড়িত।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী বলেন, সংঘবদ্ধ একটি চক্র দীর্ঘ দিন ধরে রংপুরসহ এ অঞ্চলে পল্লিবিদ্যুতের তার ও ট্রান্সফরমার চুরি করছে৷ আমরা এই চক্রটির খোঁজে ছিলাম৷ সম্প্রতি গাইবান্ধায় পল্লিবিদ্যুতের বিপুল পরিমাণ তার চুরি হয়৷ এ নিয়ে কয়েকটি মামলা হয়েছে৷ গাইবান্ধা পুলিশের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী আমরা অভিযান চালিয়ে আনিসুর রহমানকে আটক করতে সক্ষম হয়েছি৷ তিনি ওই চক্রের একজন সক্রিয় সদস্য৷