রংপুরে বিপণিবিতানে ক্রেতা হাতে গোনা, বাজারে ভিড়

রংপুরে কেনাকাটার জন্য বিভিন্ন মার্কেট, বিপণিবিতান, ব্যবসাপ্রতিষ্ঠান খোলা হলেও ক্রেতা নেই। এক–দুজন করে ক্রেতা দোকানের সামনে দিয়ে যাওয়া-আসা করতেই বিক্রেতাদের ডাকাডাকি শুরু হয়। তবে কাঁচাবাজারে ক্রেতাদের ভিড় দেখা গেছে। যদিও সেখানে মানা হয়নি স্বাস্থ্যবিধি, নেই সামাজিক দূরত্ব। রংপুরে গণপরিবহন চালু হলেও তেমন যাত্রী নেই।
আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত নগরের ব্যবসাপ্রধান এলাকা জাহাজ কোম্পানি মোড়, বেতপট্টি, হাড়িপট্টি, পায়রা চত্বর, সিটি বাজার, দেওয়ানবাড়ি রোড এলাকায় অবস্থিত বিভিন্ন বিপণিবিতান ঘুরে দেখা গেছে ক্রেতাদের তেমন একটা উপস্থিতি নেই। সবখানে হাতে গোনা এক–দুজন ক্রেতা হাঁটাচলা করছেন।
জেলা পরিষদ সুপার মার্কেটের একটি কাপড়ের দোকানের কর্মচারী বলেন, বেলা একটা বাজলেও একটি টাকারও বিক্রি হয়নি। এমনকি একজন ক্রেতাও তাঁদের দোকানে আসেননি। নাম প্রকাশ না করার শর্তে একটি স্বনামধন্য কাপড়ের দোকানের স্বত্বাধিকারী বলেন, এভাবে চলতে থাকলে কর্মচারীদের খাওয়া খরচই উঠবে না। বসে বসে কর্মচারীদের বেতন দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না।
সুপার মার্কেটে হাঁটতে গিয়ে দেখা যায়, মার্কেটে ক্রেতাদের প্রবেশের পরপরই বিভিন্ন দোকান থেকে হাঁক দিয়ে ডাকা হচ্ছে। কিন্তু এতেও ক্রেতাদের মন জয় করতে পারেন না ব্যবসাপ্রতিষ্ঠানের লোকজন। হাতে গোনা লোকজন মার্কেটে ঢুকলেও ঘুরে ঘুরে চলে যান।
একই ধরনের চিত্র দেখা গেছে জাহাজ কোম্পানি শপিং কমপ্লেক্স, রজনীগন্ধা বিপণিবিতান, জেলা পরিষদ কমিউনিটি মার্কেট, মতি প্লাজাসহ আরও কিছু মার্কেটে। জাহাজ কোম্পানি শপিং কমপ্লেক্সের শেখ ব্রাদার্সের মালিক রিপণ শেখ বলেন, ‘কী আর করার আছে। দোকান খুলে বসে থাকতে থাকতে যদি ক্রেতার আগমন হয়। কর্মচারীদেরও তো জীবন চলতে হবে। তাঁদের বেতনও দিতে হচ্ছে। তাই দোকান খুলে রাখা ছাড়া আর কী করার আছে!’
এদিকে বিভিন্ন মার্কেটে ক্রেতাদের উপস্থিতি না থাকলেও কাঁচাবাজারসহ নিত্যপণ্যের সিটি বাজারে সকাল থেকে ক্রেতাদের ভিড় থাকছে। কিন্তু সেখানে সামাজিক দূরত্বের কোনো বালাই নেই। লোকজন কেনাকাটা করতে গিয়ে ঠাসাঠাসি অবস্থায় চলাচল করছেন। তবে দূরত্ব বজায় না থাকলেও সবার মুখে মাস্ক রয়েছে। কিন্তু অন্যান্য স্বাস্থ্যবিধিরও কোনো কার্যক্রম চোখে পড়েনি।
রংপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানসহ প্রধান সড়কে মাইকযোগে প্রচারণা চালানো অব্যাহত রয়েছে। সেই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কেন্দ্রীয় বাস টার্মিনালসহ বিভিন্ন এলাকায় স্বাস্থ্যবিধি অনুসরণে সতর্কতামূলক অভিযান শুরু করা হয়েছে।
রংপুর থেকে ঢাকা ও আন্তজেলা গণপরিবহন চালু হলেও বাসস্ট্যান্ডসহ চলাচলকারী বাসে যাত্রীদের তেমন একটা উপস্থিতি নেই। অধিকাংশ বাসগুলোতে সর্বোচ্চ ১০-১২ যাত্রী। মেডিকেল মোড়ে দিনাজপুরগামী একটি বাসের চালক ওসমান গণি বলেন, যাত্রী না থাকায় গাড়ির তেল খরচই উঠছে না। শেষমেশ যে কী অবস্থা দাঁড়ায় তা বলা মুশকিল।
রংপুর জেলা প্রশাসক আসিব আহসান এই দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সহযোগিতা কামনা করে বলেছেন, স্বাস্থ্যবিধি ও সরকারি নিয়ম অনুযায়ী যেন বাসগুলো চলাচল করে, এ জন্য পরিবহনমালিক ও শ্রমিকনেতা এবং ব্যবসায়ী সমিতির নেতাদের সঙ্গে বৈঠক করা হয়েছে। এ ছাড়া নগরের বিভিন্ন স্থানে মাইকযোগে প্রচারণা কার্যক্রম অব্যাহত আছে।