রংপুরে বিভাগীয় নারী সমাবেশ
বেগম রোকেয়া স্মরণে ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে রংপুর ও রাজশাহী বিভাগীয় নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার রংপুরের পাবলিক লাইব্রেরি মাঠে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের উদ্যোগে ও বেগম রোকেয়া দিবস উদ্যাপন কমিটি এর আয়োজন করে।
গতকাল বিকেল তিনটায় সমাবেশের উদ্বোধন করেন রংপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আফজাল। সমাবেশে রংপুর ও রাজশাহী বিভাগের ১৬ জেলা থেকে পাঁচ হাজারের বেশি নারী অংশ নেন। সমাবেশের আগে নারীদের একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বেগম রোকেয়া দিবস উদ্যাপন কমিটি ও নারী সমাবেশের আহ্বায়ক এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সরিফা সালোয়া ডিনার সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান। তিনি বলেন, ‘আজকের নারী মুক্তির আন্দোলন ও দেশরক্ষার আন্দোলনে বেগম রোকেয়ার শিক্ষা আমাদের অনুপ্রেরণা। আমরা মনে করি নারী জাগরণ, মর্যাদা এবং অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নারী আন্দোলন গড়ে তোলার মধ্যেই বেগম রোকেয়ার শিক্ষার ধারা অব্যাহত থাকবে।’
সমাবেশের উদ্বোধনের সময় মোহাম্মদ আফজাল বলেন, নারীমুক্তি আন্দোলনের পথিকৃৎ বেগম রোকেয়া আজও প্রাসঙ্গিক। নারীমুক্তি আন্দোলন কর্মীদের জন্য আজও তিনি অনুপ্রেরণা।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য জাহেদুল হক, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শম্পা বসু, আদিবাসী নারীনেত্রী আরতী পাহান, বাসদ রংপুর জেলা কমিটির সমন্বয়ক আবদুল কুদ্দুস প্রমুখ।