রংপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আজও অবরুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার মাসের বকেয়া বেতনের দাবিতে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আজ বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো উপাচার্যকে তাঁর কক্ষে অবরুদ্ধ করে রেখেছেন আন্দোলনরত শিক্ষকেরা।

অবরুদ্ধ অবস্থায় থাকতে থাকতে আজ উপাচার্য কে এ কে এম নূর-উন-নবী কিছুটা অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে।

বকেয়া বেতনের দাবিতে গত মঙ্গলবার বেলা ১১টা থেকে পৃথক ব্যানারে উপাচার্যের কক্ষের সামনে অনির্দিষ্টকালের অবস্থান ধর্মঘট ও আমরণ অনশন কর্মসূচি শুরু করেন প্রগতিশীল শিক্ষক সমাজ ও সাধারণ শিক্ষকেরা। আজ তৃতীয় দিনের মতো ওই কর্মসূচি অব্যাহত রয়েছে।

বিশ্ববিদ্যালয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আজ তৃতীয় দিনের মতো আন্দোলনরত ৯২ জন শিক্ষক তাঁদের কর্মসূচি পালনে অনড় রয়েছেন। এদিকে আমরণ অনশন কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষকদের মধ্যে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তুহিন ওয়াদুদ ও হিসাববিজ্ঞানের সহকারী অধ্যাপক শাহীনুর রহমানকে স্যালাইন দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের তথ্য কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, উপাচার্য তাঁর কক্ষে তিন দিন থেকে অবরুদ্ধ হয়ে পড়ায় অসুস্থ হয়ে পড়েছেন। 

বিশ্ববিদ্যালয় স্বাস্থ্যকেন্দ্রের চিকিত্সক নিলুফার বানু বলেন, ‘উপাচার্য স্যার অসুস্থ হয়ে পড়ায় তাঁর রক্তচাপ (ব্লাড প্রেসার) ১৮০ থেকে ১১০ রেকর্ড করা হয়েছে। স্যারের ডায়াবেটিসও রয়েছে। কিন্তু অবরুদ্ধ থাকায় তাঁর ডায়াবেটিস পরীক্ষা করা সম্ভব হয়নি।’

কম্পিউটার সায়েন্স বিভাগের আন্দোলনকারী শিক্ষক ফরিদ-উল-ইসলাম বলেন, ‘আমাদের আন্দোলন চলবে।’

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বেতনভুক্ত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ২৮৫ জন। সাবেক উপাচার্য মুহাম্মদ আবদুল জলিল মিয়া ইউজিসির অনুমোদন না নিয়ে পদ সৃষ্টি না করে অতিরিক্ত ৩৩৩ জন শিক্ষক-কর্মচারীকে নিয়োগ দেওয়ায় মোট শিক্ষক কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা দাঁড়ায় ৬১৮ জনে। এদিকে ইউজিসি ২৮৫ জনের বেতন পাঠিয়ে থাকে। কিন্তু ওই টাকা দিয়ে ৬১৮ জন শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর বেতন দেওয়া করা হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের অন্যান্য তহবিল থেকে টাকা ঋণ নিয়ে বেতন পরিশোধ করা হয়। এর ফলে বিশ্ববিদ্যালয়ের তহবিলে আর কোনো টাকা জমা নেই বলে বিশ্ববিদ্যালয় সূত্র জানায়।

উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে এম নূর-উন-নবী অবরুদ্ধ অবস্থায় আজ মুঠোফোনে প্রথম আলো ডটকমকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে কথা হয়েছে। ৩০ সেপ্টেম্বরের মধ্যে বকেয়া বেতন দেওয়ার চেষ্টা করব। বিষয়টি আন্দোলনরত শিক্ষকদের জানানো হয়েছে। কিন্তু তার পরও তাঁরা আন্দোলন অব্যাহত রেখেছেন।’