রংপুরে বিষাক্ত মদপানে আরও একজনের মৃত্যু
রংপুর নগরে বিষাক্ত মদপানে আরও একজনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে মাহিগঞ্জের ডিমলা এলাকার বাসিন্দা জহুরুল ইসলাম (৪৫) নিজ বাড়িতে মারা যান। এ নিয়ে এ ঘটনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল আটজনে।
আগের দিন মারা যাওয়া দুই ভাই নাসিম ও মনুর বড় ভাই আমিন মিয়া মঙ্গলবার রাতে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেছেন। ২৪ জনের নাম উল্লেখ করে ওই মামলায় অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়েছে।
পুলিশ রাতেই সাঁড়াশি অভিযান চালিয়ে নগরের বিভিন্ন স্থান থেকে ৩৫ জনকে গ্রেপ্তার করেছে। এর আগে গ্রেপ্তার করা হয় আরও ১০ জনকে। এঁদের মধ্যে হত্যা মামলার ২০ আসামি রয়েছেন। তবে নাম উল্লেখ করা বাকি চার আসামি মদ বিক্রেতা মিঠু, তাঁর বাবা শহীদার রহমান ওরফে ছইয়া, মা হোসনে আরা ও তাঁদের প্রতিবেশী হাসিনা পলাতক রয়েছেন। বাকি ২৫ জনের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ এনে পৃথক আটটি মামলা করেছে পুলিশ।
বিষাক্ত মদপানে মৃত্যুর ঘটনায় মাহিগঞ্জ পুলিশ ফাঁড়ির দুই কর্মকর্তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তাঁরা হলেন উপপরিদর্শক (এসআই) আজিজুল হক ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আলী হাসান। এ বিষয়ে পুলিশ সুপার আবদুর রাজ্জাক বলেন, পুলিশ ফাঁড়ির ঠিক পেছনে এ ঘটনা ঘটেছে। তাই পুলিশের দায়িত্ব নিয়ে প্রশ্ন ওঠায় দুই কর্মকর্তাকে প্রত্যাহার করা হলো। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রথম দিন মারা যাওয়া সাতজনের ময়নাতদন্তের চিকিৎসক রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, আলামত ভিসেরা রিপোর্টের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে বলা যায়, বিষক্রিয়ায় সবার মৃত্যু হয়েছে।
নগরের তাজহাট বিহারিপাড়ায় মদ বিক্রেতা মিঠুদের বাড়ির ১২টি স্থানে গর্ত করে মদ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে ওই বাড়ির সামনে গাছতলায় মদপানের আসর বসে। ভোরের দিকে মদ্যপায়ীরা অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার আগেই তাঁদের মধ্যে চারজন মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও তিনজন। আর গতকাল মারা গেলেন মাংসবিক্রেতা জহুরুল ইসলাম। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মাহিগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই আফওয়াজুল ইসলাম।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান জাকির হোসেন বলেন, বিষাক্ত মদপানে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন জসিম ও মিঠুনের অবস্থাও আশঙ্কাজনক।