রংপুরে বৃত্তি পায়নি মেধাবীরা খাতা পুনর্মূল্যায়নের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের অন্যতম গুরুত্বপূর্ণ দুটি বিদ্যালয়ের অধিকাংশ মেধাবী শিক্ষার্থীর ভাগে৵ই এবার প্রাথমিক সমাপনী পরীক্ষার (পিইসি) বৃত্তি জোটেনি। এ দুটি বিদ্যালয়ের অভিভাবকদের পক্ষ থেকে তাঁদের বৃত্তি না পাওয়া মেধাবী সন্তানদের পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের দাবি জানানো হয়েছে।

আশা অনুযায়ী বৃত্তি না পাওয়া বিদ্যালয় দুটি হলো রংপুর জিলা স্কুল এবং পুলিশ লাইনস স্কুল ও কলেজ। লেখাপড়ায় ভালো হয়েও বৃত্তি না পাওয়ায় হতাশ এ দুটি বিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষক ও অভিভাবকেরা।

বৃত্তি না পাওয়া রংপুর জিলা স্কুলের প্রথম সারির ৩১ জন শিক্ষার্থীর অভিভাবক একসঙ্গে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর রংপুর বিভাগীয় উপপরিচালক ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত আবেদন করে খাতা পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছেন। রংপুর জিলা স্কুলের মেধাবী শিক্ষার্থী হোসেন মো. সিয়ান জাওয়াদের বাবা এ এইচ এম রায়হান হোসেন বলেন, শ্রেণিতে তাঁর ছেলে বরাবরই প্রথম থেকে তৃতীয় স্থানের মধে৵ থাকত। ভালো ছাত্র হওয়ার পরও ছেলে বৃত্তি না পাওয়ায় তিনি খুবই হতাশ বলে জানিয়েছেন।

ভালো শিক্ষার্থী মনিরুজ্জামানের অভিভাবক রূপালী বেগম বলেন, ‘খাতা পুনর্মূল্যায়নের দাবি জানানো হয়েছে। আমাদের বিশ্বাস, খাতা পুনর্মূল্যায়ন করা হলে বৃত্তি না পাওয়া অনেকেই ট্যালেন্টপুলে বৃত্তি পাবে।’

রংপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক এ আর মিজানুর রহমান বলেন, ২৩৭ জন শিক্ষার্থীর মধ্যে ৪৩ জন বৃত্তি পেয়েছে। তবে প্রথম সারির অর্থাৎ শ্রেণিকক্ষে যাদের রোল ১ থেকে ২০-এর মধে৵ ছিল, সেসব শিক্ষার্থী বৃত্তি না পাওয়ায় কিছুটা হতাশ হয়েছেন বলে জানান তিনি। এসব শিক্ষার্থীর অভিভাবকেরা খাতা পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেছেন বলে শুনেছেন বলে জানান প্রধান শিক্ষক।

এদিকে পুলিশ লাইনস স্কুল ও কলেজের মেধাবী শিক্ষার্থীরা বৃত্তি না পাওয়ায় তাদের অভিভাবকদের পক্ষ থেকেও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে অভিযোগ ও খাতা পুনর্মূল্যায়নের আবেদন জানানো হয়েছে। আবেদনপত্রে জানানো হয়েছে, এবার বিদ্যালয়টি থেকে পিইসি পরীক্ষায় ৪০০ শিক্ষার্থী অংশ নেয়। বৃত্তি পেয়েছে মাত্র ৪ জন শিক্ষার্থী। এর মধে৵ সাধারণ গ্রেডে ৩ ও ট্যালেন্টপুলে ১ জন বৃত্তি পেয়েছে।

এ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীর অভিভাবকদের মধ্যে সোহেল এলাহী, রোকসানা বেগম প্রমুখ বলেন, তাঁরা সন্তানদের খাতা পুনর্মূল্যায়নের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন। সেই সঙ্গে প্রাথমিক শিক্ষা কার্যালয়েও একই আবেদন করা হয়েছে।

রংপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, ‘মেধাবী শিক্ষার্থীদের বৃত্তির ফলাফল বিপর্যয়ের অভিযোগ আমাদের কাছেও এসেছে। অনেক অভিভাবক খাতা পুনর্মূল্যায়নের দাবিও করেছেন। এ ব্যাপারে অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে কথাও হয়েছে। যাঁরা খাতা পুনর্মূল্যায়নের দাবি করেছেন, তাঁদের খাতা পুনরায় পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে।’