রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ
বহিরাগতদের হামলায় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আহত হওয়ার ঘটনার প্রতিবাদে গতকাল শনিবার সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ, সমাবেশ ও সড়ক অবরোধ করেছেন। গতকাল বেলা ১১টায় বিশ্ববিদ্যায়ের অস্থায়ী ক্যাম্পাস থেকে সাধারণ শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের কাচারিবাজারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নেয় এবং দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত প্রধান সড়ক অবরোধ করে। সেখানে এক সমাবেশে বক্তৃতা করেন জামিল সারওয়ার, নূর ইসলাম প্রমুখ। এ সময় ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এরপর বিক্ষোভকারীরা শহরের ধাপে অবস্থিত অস্থায়ী ক্যাম্পাস শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ের সামনে বিক্ষোভ করে সেখানেও কিছুক্ষণ সড়ক অবরোধ করেন। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের মাঠে গত শুক্রবার ক্রিকেট খেলা নিয়ে সৃষ্ট ঘটনায় ওই এলাকার বহিরাগত কয়েকজন সন্ত্রাসী শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে মারপিট করে। এ ঘটনায় কয়েকজন শিক্ষার্থী আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।