রংপুরে বেশির ভাগ দোকানে পণ্যের মূল্যতালিকা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমজানের শুরুতে পণ্যের মূল্যতালিকা দোকানে টাঙানোর জন্য ব্যবসায়ীদের সতর্ক করে দিয়েছিলেন ভ্রাম্যমাণ আদালত। কিন্তু রংপুর নগরের বেশির ভাগ দোকানে এখনো সেই মূল্যতালিকা টাঙানো হয়নি। গত রোববার সিটি বাজার, নবাবগঞ্জ বাজার, ধাপ বাজার ও মাহিগঞ্জ বাজার ঘুরে এই চিত্র দেখা গেছে।
এ বিষয়ে খুব শিগগির ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী।
সিটি বাজারে দুই শতাধিক দোকান। সব দোকানেই নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি হয়। একটি দোকানেও মূল্যতালিকা টাঙানো দেখা যায়নি। তবে বাজারের একটি নির্দিষ্ট স্থানে বাজার কমিটির পক্ষ থেকে একটি মূল্যতালিকা টাঙানো হয়েছে। সেখানে শুধু শুকনো পণ্যের মূল্যতালিকা। সবজিসহ কাঁচামালের কোনো তালিকা নেই।
চারদিক দিয়ে সিটি বাজারে ঢোকা যায়। ক্রেতাদের ভাষ্য, কোনো নির্দিষ্ট স্থানে নয়, প্রতিটি দোকানেই মূল্যতালিকা টাঙানো উচিত। দোকানে না টাঙিয়ে একটি নির্দিষ্ট স্থানে মূল্যতালিকা টাঙানো প্রতারণা ছাড়া কিছুই নয়। তা ছাড়া এটি চরম ভোগান্তিরও।
কেনাকাটা করতে আসা গুপ্তপাড়ার শিক্ষক আজিজার রহমান বলেন, মূল্যতালিকা থাকলে ক্রেতাদের কেনাকাটা করতে সুবিধা হয়। কিন্তু ব্যবসায়ীরা তা মানছেন না। ক্ষোভ প্রকাশ করে কেরানীপাড়ার শফিয়ার রহমান বলেন, মূল্যতালিকা টাঙিয়ে রাখতে এত লুকোচুরি কেন? এটি থাকলে সবারই উপকার।
জানতে চাইলে সিটি বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মাসুম মিয়া দাবি করেন, বাজারের নির্দিষ্ট একটি স্থানে টাঙানোর পাশাপাশি কিছু কিছু দোকানেও মূল্যতালিকা টাঙানো হয়েছে। তালিকা টাঙানোর জন্য প্রতিটি দোকান-মালিককে অবহিত করা হয়েছে। দু-এক দিনের মধ্যে তালিকা টাঙানো হবে বলে তাঁর প্রত্যাশা।
নবাবগঞ্জ বাজারে শতাধিক দোকানে তেল, ছোলা, লবণ, আটা ও মসলাজাতীয় পণ্য বিক্রি হয়। এখানেও একটি নির্দিষ্ট স্থানে মূল্যতালিকা টাঙানো হয়েছে। অধিকাংশ দোকানে মূল্যতালিকা নেই। তবে হাতে গোনা কয়েকটি দোকানে তালিকা দেখা গেছে। জানতে চাইলে এক ব্যবসায়ী বলেন, ‘ভাবছি, আগামীকালের (সোমবার) মধ্যে তালিকা টাঙাব।’
অধিকাংশ দোকানে মূল্যতালিকা না টাঙানোর বিষয়টি স্বীকার করে নবাবগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সাইফুল ইসলাম বলেন, সমিতির পক্ষ থেকে প্রতিটি দোকান-মালিককেই মূল্যতালিকা টাঙানোর জন্য চিঠি দেওয়া হয়েছে।
মাহিগঞ্জ বাজারে সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান রয়েছে প্রায় দেড় শ। সেখানেও বেশির ভাগ দোকানে মূল্যতালিকা টাঙানো হয়নি। বাজার করতে আসা ইকবাল হোসেন বলেন, ‘রোজার শুরুর দিন থেকে প্রতিদিনই বাজারে আসছি। কিন্তু কোনো মূল্যতালিকা চোখে পড়েনি।’
নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ হোসেন সিদ্দিকী বলেন, মূল্যতালিকা টাঙানোর বিষয়টি রমজানের শুরুতেই ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হয়েছে। দু-এক দিনের মধ্যে তা দেখতে বাজার পরিদর্শনে যাওয়া হবে।