রংপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
রংপুর নগরের রামপুরা এলাকায় রতন মিয়া (২২) নামের এক কেব্ল টিভি নেটওয়ার্ক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, ১৭ নম্বর ওয়ার্ডের রামপুরা এলাকায় কেব্ল টিভি নেটওয়ার্কের ব্যবসা নিয়ে রতনের সঙ্গে একই এলাকার কয়েকজন যুবকের বিরোধ চলছিল। এর জের ধরে মঙ্গলবার রাত ১২টার দিকে রামপুরা এলাকায় রতনকে বাড়ি থেকে ডেকে নিয়ে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। রতনের বাবা আজিমউদ্দিন মাস্টার বলেন, ‘রাত সাড়ে ১১টার দিকে এলাকার কয়েকজন যুবক রতনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারা আমার ছেলের কাছে কিছু এলাকায় ডিশ ব্যবসার লাইন নিতে চায়। এ নিয়ে তাদের মনোমালিন্য চলছিল।’
কোতোয়ালি থানার ওসি শাহাবুদ্দিন খলিফা বলেন, রাতেই অভিযান চালিয়ে মামলার তিন আসামি রামপুরা এলাকার মোমিনুল ইসলাম, সিরাজুল ইসলাম ও গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করা হয়েছে।