রংপুরে ব্যবসায়ী হত্যায় চারজনের মৃত্যুদণ্ড
রংপুরের মিঠাপুকুরে ব্যবসায়ী চুন্নু মিয়াকে হত্যার দায়ে চারজনকে মৃত্যুদণ্ড ও একজনকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান গতকাল বুধবার দুপুরে এ রায় দেন।
মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন জেলার পীরগাছা উপজেলার সিরাজুল ইসলাম (৩৩), জুয়েল মিয়া (৩২), মো. সুজন (৩৫) ও বগুড়ার শাহিন মিয়া (৩২)। কারাদণ্ড দেওয়া হয়েছে বগুড়ার আলম মিয়াকে (৩৫)। তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা ও তা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডেরও আদেশ দিয়েছেন আদালত। তাঁদের মধ্যে সিরাজুল ইসলাম কারাগারে আছেন। বাকি ব্যক্তিরা পলাতক।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি ফারুক মোহাম্মদ রেয়াজুল করিম মামলার উদ্ধৃতি দিয়ে বলেন, ২০১২ সালের ২৩ আগস্ট রাতে মিঠাপুকুর উপজেলা বাজার থেকে মোটরসাইকেলে পাশের পীরগাছা উপজেলার বড় পানসিয়া এলাকার বাড়িতে ফিরছিলেন ব্যবসায়ী চুন্নু মিয়া (৪৫)। আসামিরা মিঠাপুকুরের জালালগঞ্জ গ্রামে তাঁর পথরোধ করেন। সেখানে চুন্নু মিয়াকে কুপিয়ে তাঁর মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে পালিয়ে যান তাঁরা। গুরুতর আহত চুন্নু হাসপাতালে নেওয়ার পথে মারা যান। তাঁর ভাই আলতাফ হোসেন বাদী হয়ে পাঁচজনকে আসামি করে মিঠাপুকুর থানায় মামলা করেন। একই বছরের ১৩ ডিসেম্বর পাঁচ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।