রংপুরে ভবনের সামনে ময়লা ফেলে প্রতিবাদ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে চার লেন সড়ক প্রশস্তকরণে বাধা হওয়ায় সাততলা একটি বাণিজ্যিক ভবনের সামনে ময়লা-আবর্জনা ও মরা কুকুর ফেলা হয়েছে। গতকাল সোমবার ও গত রোববার ভোরের দিকে কে বা কারা ওই ভবনের সামনে এসব আবর্জনা ফেলে। এতে দুর্গন্ধে ভবনে টেকা যাচ্ছে না। তবে শহরের অনেকে এ ময়লা ফেলাকে সমর্থন করে জানান, কোনো ব্যক্তি বা ভবনের জন্য শহরের উন্নয়ন থেমে থাকতে পারে না।
এলাকার অনেকে জানান, রংপুর শহরে ১৬ কিলোমিটারজুড়ে চার লেন সড়ক করা হচ্ছে। কিন্তু শহরের পায়রা চত্বর থেকে শাপলা মোড় পর্যন্ত এক কিলোমিটার সড়কের প্রশস্তকরণ তিনটি ভবনের কিছু অংশ না ভাঙায় বাধাগ্রস্ত হচ্ছে। এ তিন ভবনের মধ্যে শহরের স্টেশন রোডে অবস্থিত শাহ বারী টাওয়ার একটি। দুদিন ধরে ভোরের দিকে কে বা কারা ওই টাওয়ার ভবনের সামনে বিপুল পরিমাণ ময়লা-আবর্জনা স্তূপ করে ফেলে। আবর্জনার সঙ্গে নয়টি মরা কুকুরও ফেলা হয়েছে।
ওই ভবনে অবস্থিত ওয়ান ব্যাংক, মুঠোফোন কোম্পানি রবি, একাধিক বাণিজ্যিক প্রতিষ্ঠানসহ আহার নামের একটি কমিউনিটি সেন্টার রয়েছে। যেখানে প্রতিদিন লোকজন যাতায়াত করেন। ময়লা-আবর্জনায় ভবনের ভেতরে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। এ পরিস্থিতিতে কোনোরকমে ব্যাংক ও মুঠোফোন কোম্পানির কার্যক্রম চলছে বলে জানা গেছে।
মহানগর দোকান মালিক সমিতির মহাসচিব রেজাউল ইসলাম বলেন, রংপুরে উন্নয়নের স্বার্থে কেউ কোনো বাধা হতে পারে না। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ এটা।
রংপুর বিভাগ উন্নয়ন পরিষদের আহ্বায়ক ওয়াদুদ আলী জানান, তিনটি ভবনের মালিকের জন্য পুরো উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। শুধু ময়লা ফেলা নয়, উন্নয়নের ব্যাপারে কোনো ছাড় নয়।
আনোয়ারুল ইসলাম নামের এক ব্যাংক গ্রাহক জানান, এসব ময়লায় দুর্গন্ধ ছড়াচ্ছে। ভবনে ঢোকাই যায় না। তবে সড়ক প্রশস্তকরণে দলমত নির্বিশেষে সবাইকে তিনি এগিয়ে আসার আহ্বান জানান।
তবে শাহ বারী টাওয়ারের মালিক শাহ মহিবুল ইসলাম বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ ধরনের ন্যক্কারজনক ঘটনা আর কোথাও হয়েছে কি না জানা নেই। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন। এ ছাড়া তিনি সিটি করপোরেশনের ট্রাকে করে এসব ময়লা ফেলা হচ্ছে বলে অভিযোগ করেন।
সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহমেদ জানান, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা জানা নেই। তবে চার লেন সড়ক প্রশস্তকরণে বাধা হয়ে দাঁড়িয়েছে এ ভবন। জনগণ বিক্ষুব্ধ হয়ে হয়তোবা এ ঘটনা ঘটিয়েছে। ১৯ মার্চ প্রথম আলোয় বিশাল বাংলায় ‘চার লেন সড়কে বাধা তিন ভবন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ওই প্রতিবেদনে সিটি করপোরেশনের মেয়রের আলটিমেটাম ছিল, ২৩ মার্চের মধ্যে ভবনের অংশ ভাঙা না হলে সিটি করপোরেশন তা ভেঙে দেবে। কিন্তু ওই দিন (২৩ মার্চ) থেকেই এ ভবনের সামনে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে।