রংপুরে ভিন্ন স্বাদের ইফতার দইবড়া

রংপুরে ইফতারের অনেক আয়োজনের মধ্যে স্বাদে-গুণে অতুলনীয় বৈশাখী ও কস্তুরী রেস্তোরাঁর দইবড়া। দূরদূরান্ত থেকে লোকজন নিতে আসে এই দই বড়া। একটু দেরি হলেই ফুরিয়ে যায়। একসঙ্গে বেশি কিনতে চাইলে আগে অর্ডার দিতে হয়। দইবড়া ছাড়াও ক্রেতাদের আকৃষ্ট করেছে নানা পদের কাবাব, বাখরখানি ও পাকোড়া।
ইফতারিতে থাকছে রকমারি কাবাব, চিকেন মাশরুম, চিকেন কাটলেট, চিকেন ফ্রাই, চিকেন কেনাফি, চিকেন পাকোড়া, মাটন কাফুরা, চিকেন বাখরখানি, মাটন রোস্ট। শহরের মেডিকেল মোড়ের বৈশাখী ও কস্তুরী রেস্তোরাঁর দইবড়ার বিক্রি ভালো। দইবড়া তৈরিতে বোরহানির মতো দইয়ের সঙ্গে মাসকলাইয়ের বড়া ফেলে দেওয়া হয়। আগে মাটির বাসনে এটি বিক্রি হতো। এখন ছোট ছোট প্লাস্টিকের গ্লাসে দইবড়া বিক্রি হচ্ছে মাত্র ২০ টাকায়।
গত মঙ্গলবার বিকেলে সরেজমিনে মেডিকেল মোড় এলাকায় ইফতারি কিনতে আসা নগরের ধাপ এলাকার ব্যবসায়ী এমদাদুল হক বলেন, ‘ইফতারির সঙ্গে ছেলেমেয়ের দইবড়া লাগবেই। তাই প্রতিদিন ছুটে যাই দইবড়া কিনতে।’ বৈশাখী হোটেলের মালিক ফজলুল হক বলেন, চাহিদা অনুযায়ী সব সময় এ দইবড়া ক্রেতাদের সরবরাহ করা সম্ভব হয় না। কেননা এটি তৈরি করতে বেশ সময় লাগে।
কস্তুরী হোটেলের ব্যবস্থাপক ওয়াহিদ মুরাদ বলেন, ইফতারির নতুন নতুন আইটেমের প্রতি ক্রেতাদের আগ্রহ রয়েছে। তবে দইবড়ার চাহিদা বেশি।