রংপুরে ভূমিকম্পে মাটিচাপায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ, নেপাল ও ভারতে আজ রোববার দুপুরে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। এ ঘটনায় রংপুরে গর্তে মাটিচাপা পড়ে আখতারুল ইসলাম (৩০) নামের একজনের মৃত্যু হয়েছে।

নগরের বিনোদপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আখতারুলের বাড়ি সদর উপজেলার ভূরারঘাট এলাকায়।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, রংপুর নগরের রেলগেট বিনোদপুর এলাকার আবদুল ওহাবের বাড়িতে আখতারুল ইসলাম একটি গর্ত খননের কাজ করছিলেন। এ সময় ভূমিকম্প হলে গর্তের মাটি চারদিক থেকে ভেঙে পড়ে। সেই মাটির নিচে চাপা পড়েন আখতারুল। খবর পেয়ে দমকল বাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে মাটি সরিয়ে গর্ত থেকে আখতারুলকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী ভূমিকম্পের কারণে মাটিচাপায় আখতারুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।