রংপুরে মহাসড়ক দেবে যান চলাচলে ঝুঁকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের মিঠাপুকুর উপেজলার রংপুর-ঢাকা মহাসড়কের শঠিবাড়ি বাজার এলাকায় দেবে যাওয়া সড়কের অংশ। প্রায় ছয় মাস যাবত এ দশা। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো’
রংপুরের মিঠাপুকুর উপেজলার রংপুর-ঢাকা মহাসড়কের শঠিবাড়ি বাজার এলাকায় দেবে যাওয়া সড়কের অংশ। প্রায় ছয় মাস যাবত এ দশা। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো’

রংপুরের মিঠাপুকুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের শঠিবাড়ি বাজার এলাকায় মহাসড়কের ২০০ গজ অংশ অনেক দিন ধরে দেবে থাকার পরও সংস্কার করা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। অন্তত ছয় মাস আগে রাস্তার ওই অংশটি দেবে যায়। এতে যাত্রীবাহী বাসসহ সব ধরনের যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে।
মহাসড়কের মাঝখানে সড়ক বিভাজন নির্মাণের পর থেকে যান চলাচল করতে করতে সড়কটির এক দিক আস্তে আস্তে দেবে যেতে থাকে বলে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্র জানিয়েছে।
সওজ বিভাগ রংপুর কার্যালয় সূত্র জানায়, এক বছর আগে মহাসড়কের বিভিন্ন স্থানে সড়ক বিভাজক নির্মাণ করা হলেও কোথাও সড়কের এমন দুর্দশা হয়নি। শুধু শঠিবাড়ি বাজারে রাস্তার এক দিক দেবে যায়।
সরেজমিনে গত রোববার দেখা যায়, মহাসড়কের শঠিবাড়ি বাজারের বিআরটিসি বাসস্ট্যান্ড থেকে সুপারিহাট পর্যন্ত প্রায় ২০০ গজ সড়ক দেবে ঝুঁকিপূর্ণ হয়ে আছে। স্থানীয় লোকজন জানায়, মহাসড়কে ভারী যানবাহন চলাচল করতে করতে একটু একটু করে রাস্তাটি দেবে যেতে থাকে। এ ঘটনা ছয় মাস আগের।
শঠিবাড়ি হাটের ইজারাদার আমিনুল রহমান প্রধান বলেন, রাস্তা দেবে যাওয়ায় স্থানটি খুব ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। গাড়িগুলো এখানে এসে একেবারে ধীরে ধীরে এগোয়। না হলে কাত হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে।
পণ্য বহনকারী কয়েকজন ট্রাকচালকের সঙ্গে কথা বলে জানা যায়, ভারী যানবাহন নিয়ে খুব সাবধানে চলতে হয় এ স্থান দিয়ে। যেকোনো সময় গাড়ি উল্টে যাওয়ার ভয় থাকে।
হানিফ পরিবহনের ব্যবস্থাপক আবদুল হোসেন বলেন, শঠিবাড়ির এই স্থানে রাস্তা দেবে যাওয়ায় গাড়িগুলো সাবধানে চলাচল করলেও টাল খেয়ে গাড়ির যন্ত্রাংশ নষ্ট হওয়ার ঝুঁকি থাকেই যায়।
সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদার বলেন, এটি একটি হাইওয়ে রোড। দিনে-রাতে অসংখ্য যান চলাচল করে। রাস্তাটি দেবে যাওয়ায় প্রায় ছয় মাস ধরে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে গেলেও তা ঠিক করা হচ্ছে না।
সওজ বিভাগ রংপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মাহবুবুল আলম খান গতকাল সোমবার মুঠোফোনে বলেন, সড়কে ডিভাইডার নির্মাণের পর এক দিকের প্রায় ২০০ গজ এভাবে দেবে যায়। এখানে ডিভাইডার নির্মাণের সময় পানি জমে যাওয়ায় এবং ভারী যানবাহন চলাচল করায় ঘটনাটি ঘটেছে বলে তিনি মন্তব্য করেন। এই স্থানটুকু কেটে পুনর্নির্মাণ করতে হবে। যত দ্রুত সম্ভব তা করা হবে বলে জানান তিনি।