রংপুরে মেলার নামে জুয়া ও অশ্লীল নৃত্য বন্ধে বিক্ষোভ
রংপুর জিলা স্কুলের খেলার দুটি মাঠ বন্ধ করে বাণিজ্য মেলা ও সার্কাসের নামে জুয়া ও অশ্লীল নৃত্য চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এসব বন্ধে ২৪ ঘণ্টা সময় (আলটিমেটাম) বেঁধে দিয়ে গত বৃহস্পতিবার দুপুরে শহরে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরা। সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। রংপুর শিল্প ও বণিক সমিতির আয়োজনে মাসব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে।বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে প্রেসক্লাব এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কাচারি বাজার ট্রাফিক মোড়ে আধা ঘণ্টা সড়ক অবরোধ করা হয়। এ সময় বক্তব্য দেন সাবেক সাংসদ শরফুদ্দিন আহমেদ, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজার রহমান প্রমুখ। বক্তারা ২৪ ঘন্টার মধ্যে জুয়া ও সার্কাস বন্ধের দাবি জানিয়ে বলেন, জিলা স্কুলের খেলার দুটি মাঠের ব্যাপক ক্ষতিসাধন করা হয়েছে। মেলার আয়োজক রংপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি এ টি এম শাহনেওয়াজ দাবি করেন, মেলায় কোনো জুয়া ও অশ্লীল নৃত্য হচ্ছে না। লটারির অনুমতি রয়েছেও বলে তিনি জানান।