রংপুরে মোটর সাইকেলে আগুন একজন দগ্ধ
রংপুর নগরের পীরপুর এলাকায় গতকাল রোববার রাতে আগুনে আবদুল হাই (৪৫) নামের এক ব্যক্তির মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে। আগুনে তাঁর কোমর থেকে পা পর্যন্ত ঝলসে গেছে। তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হরতাল-সমর্থকেরা এ ঘটনা ঘটাতে পারে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল রাত ১০টার দিকে আবদুল হাই মোটরসাইকেলে করে নগরের রেলওয়ে স্টেশন রোডের আলমনগর পীরপুর এলাকার বাড়িতে ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পীরপুর মোড়ে মুখোশ পরা দুই ব্যক্তি তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে। তারা গাড়িতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিলে তাঁর গায়ে আগুন ধরে যায়। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক বিকাশ সাহা বলেন, তাঁর শরীরের কোমর থেকে পা পর্যন্ত আগুনে ঝলসে গেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।
জানা গেছে, আবদুল হাই বেসরকারি প্রতিষ্ঠান বেঙ্গল গ্রুপে চাকরি করেন। তিনি কর্মস্থল থেকে একাই মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।