রংপুরে যাত্রীবাহী বাস খাদে, নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগঞ্জ উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কে চালক নিয়ন্ত্রণ হারালে যাত্রীবাহী একটি বাস পাশের খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের ১০ যাত্রী।

আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার বিশ মাইল কলাবাগান এলাকার ঢাকা থেকে নীলফামারীগামী আল রিয়াদ পরিবহনের ওই বাসটি খাদে পড়ে যায়। এতে বাসের সুপারভাইজার রাজা মিয়া (৩৫) ও যাত্রী মফিদুল ইসলাম (৩০) নিহত হন। দুজনের বাড়ি নীলফামারী শহরে। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পীরগঞ্জ উপজেলার বড়দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বলেন, ঢাকা থেকে নীলফামারীগামী আল রিয়াদ পরিবহনের বাসটি বিশ মাইল কলাবাগান এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাসটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ওই দুজন নিহত হন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাফিজুর রহমান বলেন, বাসটি এখনো খাদে পড়ে আছে। লাশ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। চালক পালিয়েছেন।