রংপুরে যানজট নিয়ন্ত্রণে আবারও নতুন পদক্ষেপ
ঈদ সামনে রেখে রংপুর শহর যানজটমুক্ত করতে গৃহীত নতুন ট্রাফিক ব্যবস্থা এক সপ্তাহের মধ্যেই ভেঙে পড়েছে। এ অবস্থায় গতকাল শুক্রবার থেকে আবারও নতুন করে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
গত ২১ জুন জেলা পুলিশের আয়োজনে ও কমিউনিটি পুলিশের সহযোগিতায় শহর যানজটমুক্ত রাখতে উল্লেখযোগ্য পাঁচটি স্থানে চার লেন সড়কে খুঁটির মধ্যে রশি টেনে বিভাজক সৃষ্টি করা হয়। সেই সঙ্গে স্বেচ্ছাশ্রমে কমিউনিটি পুলিশের সদস্যরা বাঁশি ফুঁকিয়ে সড়কে নির্বিঘ্নে যান চলাচলে সহযোগিতায় নামেন। কিন্তু এই উদ্যোগ প্রথম দুই দিন ঠিকঠাক থাকলেও পরে তা ভেস্তে যায়। পুনরায় দেখা দেয় অস্বাভাবিক যানজট।
এমন পরিস্থিতিতে গতকাল সকালে পুলিশের পক্ষ থেকে আবারও নতুন করে উদ্যোগ নেওয়া হয়। নতুন ট্রাফিক ব্যবস্থায় শহরের মূল ব্যবসাকেন্দ্র অর্থাৎ যেসব স্থানে বিপণিবিতান অবস্থিত, এসব স্থানে ব্যাটারিচালিত অটোরিকশা, প্রাইভেট কার ও মাইক্রোবাস চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া মাহিগঞ্জ থেকে কামালকাছনা হয়ে জাহাজ কোম্পানি মোড় যেতে এই তিন ধরনের যান গুপ্তপাড়া লায়ন্স স্কুল ও কলেজের সামনে এবং হারাগাছ থেকে শালবন হয়ে পায়রা চত্বরের দিকে যেতে সেন্ট্রাল রোডের কাস্টমস অফিসের সামনে থামবে। এ ছাড়া শাপলা চত্বর থেকে জাহাজ কোম্পানি অভিমুখী গ্র্যান্ড হোটেল মোড় এবং কাচারি বাজার থেকে শহরে যেতে টাউন হলের সামনে থামবে যান্ত্রিক এসব যান।
নতুন ব্যবস্থায় কাচারি বাজার থেকে লক্ষ্মী সিনেমা হলের পাশ দিয়ে গোমস্তাপাড়া হয়ে গ্র্যান্ড হোটেল মোড় দিয়ে বেরিয়ে যেতে পারবে অটোরিকশা, প্রাইভেট কার ও মাইক্রোবাস। তবে সাধারণ রিকশা ও মোটরসাইকেল চলাচল সব সড়কে স্বাভাবিক থাকবে।
ট্রাফিক পুলিশের পরিদর্শক শামসুল আলম বলেন, রশি টেনে সড়ক বিভাজক করে ব্যাটারিচালিত অটোরিকশার চাপে যান নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। তাই নতুন করে ঈদের আগের এ কয়েক দিন জনগণের চাপ সামলাতে ও নগরবাসীর চলাফেরায় স্বস্তি ফিরিয়ে আনতে মূল শহরের ভেতর অটোরিকশা চলাচল বন্ধ করা হয়েছে।
গতকাল সকালে সরেজমিনে দেখা যায়, শহরের প্রধান বিপণিবিতানগুলো ঘিরে যেসব এলাকায় মানুষের সমাগম বেশি হয়, সেখানে ট্রাফিক ব্যবস্থা জোরদার করা হয়েছে। ক্রেতারা যাতে নির্বিঘ্নে কেনাকাটা করতে পারেন, সে জন্য এসব এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা, প্রাইভেট কার ও মাইক্রোবাস ঢুকতে দেওয়া হচ্ছে না। এ কারণে ক্রেতাদের এক বিপণিবিতান থেকে অন্য বিপণিবিতানে যেতে খুব একটা বেগও পেতে হচ্ছে না।
জাহাজ কোম্পানি শপিং বিপণিবিতানের সামনে কথা হয় ব্যাংক কর্মকর্তা সাইফুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘এই কয়েক দিনে এসব এলাকায় হাঁটাচলাই করা যেত না। আজকে (শুক্রবার) অনেক শান্তি পেলাম।’
রংপুরের পুলিশ সুপার আবদুর রাজ্জাক জানান, নগরবাসীর চলাচলের সুবিধার্থে নতুন এই ট্রাফিক ব্যবস্থা ঈদের আগের দিন পর্যন্ত চালু থাকবে।