রংপুরে যুবকের লাশ উদ্ধার
রংপুরে মাটিতে পুঁতে রাখা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার নগরের সুলতানের মোড় এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
এদিকে গতকাল রোববার রাতে ওই এলাকার দুটি বাড়ি এবং একটি ছাত্রী হোস্টেলে ডাকাতির ঘটনা ঘটেছে। এর কাছাকাছি জায়গাতেই লাশটি পাওয়া যায়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী প্রথম আলোকে বলেন, এখন পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় কোনো মামলা হয়নি।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নগরের সুলতানের মোড় এলাকায় রংপুর-বদরগঞ্জ সড়কের ধারে একটি খেতে সকালে স্থানীয় লোকজন মাটিতে পুঁতে রাখা এক যুবককে দেখতে পায়। ওই যুবকের মাথাটি বের করা ছিল। পুলিশ লাশটি উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এলাকাবাসী জানান, যেখানে লাশটি পাওয়া যায় সেখান থেকে ৫০ গজ দূরে রোববার রাতে আবদুস সামাদ ও তারা মিয়ার বাড়িতে এবং প্রাইম হাসপাতালের একটি ছাত্রী হোস্টেলে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতেরা হোস্টেল ও বাড়ি থেকে ৩০টি মোবাইল ফোনসেট, নগদ আট লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায় বলে দাবি করেছেন ডাকাতি হওয়া বাড়ির মালিক আবদুস সামাদ। তিনি জানান, অস্ত্রের মুখে ডাকাতেরা তাঁদের সবকিছু নিয়ে গেছে। ঘটনার পরপরই সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির ঘটনাস্থল পরিদর্শন করেন।