রংপুরে যুবদল নেতা খুন
রংপুরে যুবদলের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক রেজাউল করিম ওরফে মিলন খুন হয়েছেন। সোমবার রাতে নগরের পাশারিপাড়ায় সন্ত্রাসীরা তাঁকে কুপিয়ে হত্যা করে। ওই ঘটনার প্রতিবাদে জেলা বিএনপি আজ (বুধবার) আধাবেলা হরতাল আহ্বান করলেও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার কারণে বিকেলেই তা এক সংবাদ সমেঞ্চলনের মাধ্যমে প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।পুলিশ জানায়, কেব্ল টিভির ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ওই হত্যাকাণ্ড ঘটেছে বলে তাদের ধারণা। রেজাউল করিমের মুখ, হাত-পাসহ শরীরের ২০টি স্থানে গুরুতর জখমের চিহ্ন রয়েছে। ডিশ লাইনের ব্যবসাকে কেন্দ্র করে গত এক বছরে এ নিয়ে জেলায় পাঁচটি হত্যাকাণ্ড সংঘটিত হলো। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার রাত ১০টার দিকে রেজাউল করিমকে হত্যা করা হয়। তিনি পাশারিপাড়ার মৃত আজিজার রহমানের ছেলে। রেজাউল ওই সময় নগরের সার্কিট হাউসের প্রধান সড়কের পাশে একটি দোকানে বসেছিলেন। এ সময় মোটরসাইকেল আরোহী মুখোশধারী সন্ত্রাসীরা তাঁর ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে জখম করে। পরে তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এই হত্যার প্রতিবাদে ও খুনিদের গ্রেপ্তারের দাবিতে জেলা বিএনপি ও যুবদল নগরে গতকাল মঙ্গলবার বিক্ষোভ সমাবেশ করেছে। ময়নাতদন্ত শেষে মুন্সিপাড়া কবরস্থানে রেজাউলকে দাফন করা হয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক মোজাফ্ফর হোসেন প্রথম আলোকে বলেন, ‘এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আমরা এর সুষ্ঠু বিচার চাই।’কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন বলেন, ‘এ নিয়ে এখনো মামলা হয়নি। তবে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ ডিশ ব্যবসাকে ঘিরে গত এক বছরে যাঁরা খুন হয়েছেন তাঁরা হলেন: নগরের কামালকাছনার গোপাল চন্দ, কটকিপাড়ার শরিফুল আলম, কেরানীপাড়ার বায়েজিদ মুরাদ ও মুন্সিপাড়ার মোশাররফ হোসেন।