রংপুরে যুবদল নেতা হত্যা মামলার আসামি খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে যুবদল নেতা মোশাররফ হোসেন হত্যা মামলার আসামি ফরহাদ হোসেন (২৬) গত সোমবার খুন হয়েছেন।
ফরহাদ শহরের মুন্সিপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। পুলিশ ধারণা করছে, েকব্ল টিভির ব্যবসা নিয়ে ফরহাদ খুন হতে পারেন।
মোশাররফ হোসেন জেলা যুবদলের সহদপ্তর সম্পাদক ছিলেন। তাঁকে ২০১১ সালের ১ মে শহরের মুন্সিপাড়ায় নৃশংসভাবে খুন করা হয়।এ হত্যাকাণ্ডের পর ফরহাদ দীর্ঘদিন পলাতক ছিলেন।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, ওই দিন সন্ধ্যায় শহরের সাতগাড়া মিস্ত্রিপাড়া এলাকায় ফরহাদকে একা পেয়ে একদল দুর্বৃত্ত তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।
এ সময় তাঁর শরীরের বিভিন্ন স্থানে ও মাথার পেছন দিকে গুরুতর জখম হয়। পরে তাঁকে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে ঢাকা নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক গোলাম মোস্তফা জানান, ফরহাদের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে রাতেই ঢাকায় স্থানান্তর করা হয়। পরে তাঁকে অ্যাম্বুলেন্সে করে ঢাকা নেওয়ার পথে বগুড়ার মোকামতলা এলাকায় তাঁর মৃত্যু হয়।
ফরহাদের মা ফেরদৌসী বেগম বলেন, ‘আমার ছেলে হত্যার সঙ্গে যাঁরা জড়িত, তাঁদের দ্রুত খুঁজে বের করে গ্রেপ্তার করা হোক। আমি এর সুষ্ঠু বিচার চাই।’
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী প্রথম আলোকে জানান, নিহত ফরহাদ হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি ছিলেন। তবে ফরহাদকে হত্যার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।