রংপুরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
রংপুর জেলা যুবদলের সদস্য মোশাররফ হোসেনকে (৩২) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। গত শনিবার দিবাগত রাতে রংপুর শহরের মুন্সিপাড়ায় এ ঘটনা ঘটে। হত্যা মামলা হয়েছে। এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। কোতোয়ালি থানার পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত ১২টার দিকে যুবদল নেতা মোশাররফ মোটরসাইকেলে করে মুন্সিপাড়ায় তাঁর বাড়িতে ফিরছিলেন। বাড়ির কাছে আসামাত্র একই এলাকার সন্ত্রাসীরা মোশাররফকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তিনি মোটরসাইকেল থেকে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর সন্ত্রাসীরা তাঁর মাথা, কাঁধসহ শরীরের বিভিন্ন স্থানে কোপ দেয় এবং দুই হাত কবজি থেকে বিচ্ছিন্ন করে। খবর পেয়ে টহল পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মোশাররফকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। রাত একটার দিকে সেখানে তাঁর মৃত্যু হয়।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হায়দার আলী মোল্লা জানান, রোববার বেলা ১১টার দিকে মোশাররফের বাড়ির পাশ থেকে একটি হাত উদ্ধার করা হয়। অপরটি গতকাল সোমবার রাত আটটা পর্যন্ত পাওয়া যায়নি।ওসি জানান, ময়নাতদন্ত শেষে মোশাররফের মরদেহ পরিবারে সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। রোববার রাতে লাশের দাফন সম্পন্ন হয়েছে। মোশাররফের বাবা মহিতুল হোসেন কোতোয়ালি থানায় হত্যা মামলা করেছেন। এজাহারে বলা হয়, পূর্বশক্রতার জের ধরে একই এলাকার ফেরদৌসী বেগমের ছেলেরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। মামলায় ফেরদৌসীকে হুকুমের আসামি করা হয়েছে। পুলিশ রোববার ফেরদৌসীকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি জেলহাজতে রয়েছেন। তাঁর তিন ছেলে পলাতক বলে পুলিশ জানিয়েছে। জেলা যুবদলের সভাপতি রইস আহমেদ বলেন, ‘আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই।’