রংপুরে যুবলীগের নেতা হত্যার প্রতিবাদে সমাবেশ, ঘেরাও
রংপুরে যুবলীগের নেতা সাজিদ পারভেজ ওরফে যাদু হত্যাকাণ্ডের প্রতিবাদ ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল বৃহস্পতিবার কয়েক শ লোক জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও ও সমাবেশ করেছেন।বেলা সাড়ে ১১টার দিকে শহরের স্টেশন বাবুপাড়ার কয়েক শ নারী-পুরুষ মাথায় কাফনের কাপড় বেঁধে পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করেন। দুপুর ১২টার দিকে তাঁরা জেলা প্রশাসকের কার্যালয়ও ঘেরাও করেন। তাঁরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেন।বেলা একটার দিকে বিক্ষোভকারীরা শহরের কাচারিবাজার মোড়ে সমাবেশ করেন। সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে সমাবেশে বক্তব্য দেন রায়হানুল কাউসার, শাহাদত হোসেন, রিপন প্রমুখ। বক্তারা বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে ব্যর্থ হলে পরবর্তী সময়ে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।স্মারকলিপিতে অভিযোগ করা হয়েছে, সাজিদ হত্যাকাণ্ডে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক আবদুল মজিদ জড়িত। আবদুল মজিদ এ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। রোববার শহরের স্টেশন বাবুপাড়ার বাসিন্দা জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও মহানগর আওয়ামী লীগের সদস্য সাজিদ পারভেজ খুন হন।