রংপুরকে সিটি করপোরেশন ঘোষণার দাবিতে গতকাল শনিবার আধা ঘণ্টার রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। সিটি করপোরেশন বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আহ্বানে এ কর্মসূচি পালন করা হয়।গতকাল দুপুর ১২টায় শহরের আর কে রোডের দর্শনা মোড়ে রেলগেট ও একই স্থানে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করা হয়। সিটি করপোরেশন বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আহ্বায়ক ও আওয়ামী লীগের সাবেক সাংসদ শরফুদ্দিন আহমেদের সভাপতিত্বে অবরোধ চলাকালে সেখানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাসুদ নবী, মাহমুদ হাসান, তানভীরুজ্জামান, আফজাল হোসেন প্রমুখ। শরফুদ্দিন আহমেদ বলেন, সিটি করপোরেশন ঘোষণা না করায় পাঁচ বছরের জন্য নির্বাচিত পৌর পরিষদ আট বছরেরও অধিক সময় ধরে দায়িত্ব পালন করছে। এ কারণে মেয়র পৌরসভাকে নানা অনিয়মের রাজ্যে পরিণত করেছেন। অবিলম্বে এই পৌর পরিষদ ভেঙে দেওয়ার দাবি জানান তিনি। এদিকে একই দাবিতে আজ রোববার রংপুরে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি সফল করতে জেলা জাতীয় পার্টির পক্ষ থেকে শহরের পাড়া-মহল্লায় পথসভা করবে। শহরে একাধিক মাইকযোগে প্রচার চালানো হচ্ছে। জাতীয় পার্টির সাবেক সাংসদ মশিউর রহমান বলেন, বিভাগ করা হলেও এখনো সিটি করপোরেশন করা হয়নি। আন্দোলন করে এ দাবি আদায় করতে হবে।