রংপুরে রাতভর 'বুড়িমা' ফুটেছে
রংপুর নগরে গতকাল শুক্রবার রাতভর ‘বুড়িমা’ ফুটেছে। বুড়িমা ফাটানোর বিকট শব্দে লোকজন আতঙ্কিত হয়ে ওঠে। বুড়িমা হলো এক ধরনের পটকা, যা ফাটালে বিকট শব্দ হয়।
বিভিন্ন সূত্রে জানা যায়, গতকাল রাত ১০টা থেকে সারা রাত রংপুর নগরের বিভিন্ন এলাকায় থেমে থেমে বিকট শব্দ হওয়া এক ধরনের পটকা ‘বুড়িমা’ ফুটেছে। এর শব্দে লোকজন আতঙ্কিত হয়ে উঠলেও কারও কোনো ক্ষতি হয়নি। এই পটকা ফুটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয় বলে পুলিশ ও বিভিন্ন এলাকার লোকজন জানান।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, নগরের জাহাজ কোম্পানি মোড়, জেলা পরিষদ সুপার মার্কেটের সামনে, সুরভি উদ্যানের সামনে, মডার্ন মোড়, মাহিগঞ্জ বাজার, সাতমাথা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্কের মোড়, কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা, মেডিকেল মোড়, মেডিকেল পূর্ব গেট, কামালকাছনা, শালবন, আদর্শপাড়া, কলেজ রোড, লালবাগ, সিওবাজার, আলমনগর, পায়রা চত্বর, বেতপট্টি, গ্রান্ড হোটেল মোড়সহ বিভিন্ন পাড়া-মহল্লায় ব্যাপক ককটেল ফাটানোর শব্দ পাওয়া যায়। পরবর্তী সময়ে খোঁজ নিয়ে জানা যায়, এগুলো ককটেল নয়, পটকা, যা ‘বুড়িমা’ বলে পরিচিত। শব্দ বিকট হলেও কারও কোনো ক্ষতি হয়নি। মানুষজনকে ভয়ভীতি দেখাতেই এমনটি করা হয়েছে বলে সবার ধারণা।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন পটকাবিক্রেতা বলেন, বুড়িমা ফাটালে শব্দ বিকট হয়। তবে এ সময় পটকা বিক্রি নিষিদ্ধ। এর পরও চোরাইপথে কেউ কেউ তা বিক্রি করতে পারেন।
এ ব্যাপারে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, আতঙ্কের জন্য এসব পটকা ফাটানো হয়েছে। এতে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।