রংপুরে রাস্তা ও নর্দমায় বর্জ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর নগরের বাসাবাড়ির বর্জ্য নির্দিষ্ট স্থানে না ফেলে যেখানে-সেখানে সড়কের পাশে এমনকি নর্দমায় ফেলা হচ্ছে। এর ফলে পরিবেশ হুমকির মুখে পড়েছে।
সিটি করপোরেশন থেকে জানা যায়, নগরের বিভিন্ন স্থানে ২৫০টি রিং ডাস্টবিন থাকার পরেও প্রতিটি পাড়া-মহল্লার সড়কের পাশ দিয়ে বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা ফেলা হয়। এসব বর্জ্য অপসারণে সিটি করপোরেশন কর্তৃপক্ষ উদ্যোগ গ্রহণ করলেও জনগণের সচেতনতার অভাবে বিশাল এলাকাজুড়ে এ কাজ করা দুরূহ ব্যাপার হয়ে উঠেছে। ১০টি ট্রাক ও ২২টি রিকশা ভ্যানে করে এসব ময়লা অপসারণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় কম।
সিটি করপোরেশনের কনজারভেটিভ বিভাগের পরিদর্শক মিজানুর রহমান বলেন, প্রথমত জনগণের সচেতনতা তৈরিতে সবাইকে এগিয়ে আসতে হবে। ময়লা-আবর্জনা সরানো ট্রাকের সংখ্যা বাড়ানোর জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। শহরের বিভিন্ন এলাকার নাগরিকের অভিযোগ, ময়লা-আবর্জনা সরানোর জন্য সময়মতো রিকশা ভ্যান পাওয়া যায় না। সেই সঙ্গে ট্রাকগুলো শহরের প্রাণকেন্দ্র এলাকা সিটি বাজার, বেতপট্টি, লালবাগ, মেডিকেল মোড়, জাহাজ কোম্পানি মোড়, শাপলা মোড়, সিও বাজারসহ আরও কয়েকটি স্থানের ময়লা অপসারণ করলেও অধিকাংশ পাড়া-মহল্লার ময়লা সরানোর উদ্যোগ নেওয়া হয় না। এর ফলে অধিকাংশ এলাকার লোকজন তাঁদের বাসাবাড়ির ময়লা-আবর্জনা নর্দমায় ফেলেন।
সরেজমিনে শহরের কলেজ রোডের কুড়িগ্রাম বাসস্ট্যান্ড, নিউ জুম্মাপাড়া, গুপ্তপাড়া, ঠিকাদারপাড়া, তাজহাট, বাবুপাড়া, কেরানীপাড়া মোড়, জলকর, হনুমানতলা, রাধাবল্লভ, মুলাটোল, কেন্দ্রীয় বাস টার্মিনাল, মুন্সিপাড়া, সেনপাড়াসহ আরও অনেক স্থানে বাসাবাড়ির ময়লা-আবর্জনা সড়কের পাশের নর্দমায় ফেলতে দেখা যায়। শহরের কেরানীপাড়া এলাকার আব্দুর রহীম বলেন, কেরানীপাড়া স্টাফ কোয়ার্টারের পাশের সড়কে ময়লা-আবর্জনার স্তূপ থেকে প্রতিনিয়ত দুর্গন্ধ ছড়ায়।
মেয়র সরফুদ্দীন আহমেদ ঝন্টু বাসাবাড়ির বর্জ্য পদার্থ নর্দমায় না ফেলতে নাগরিকদের অনুরোধ জানিয়ে বলেছেন, এসব বর্জ্য নর্দমায় ফেলার ফলে নর্দমাগুলো বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।