রংপুরে রেস্তোরাঁ শ্রমিকদের কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রমিকদের নিয়োগপত্র, উৎসব ভাতা, কল্যাণ তহবিলসহ সাত দফা দাবিতে রংপুরে গতকাল বুধবার রেস্তোরাঁ শ্রমিকেরা সকাল থেকে আধা বেলা কর্মবিরতি পালন করেছেন। পুলিশ সাতজন শ্রমিককে আটক করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
রংপুর জেলা রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের ডাকে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি চলাকালে অধিকাংশ রেস্তোরাঁ বন্ধ ছিল।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও শ্রমিক ইউনিয়ন সূত্র জানায়, শ্রমিকদের কর্মসূচি চলাকালে সকাল সাতটার দিকে শহরের পায়রা চত্বর এলাকা থেকে পুলিশ সাতজন শ্রমিককে আটক করে থানায় নিয়ে যায়। তাঁরা হলেন শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোকসেদ আলী, সদস্য নির্মল রায়, মোবারক আলী, শফিকুল ইসলাম, আমবর আলী, হামিদুজ্জামান ও বাবলু মিয়া। তাঁদের আটকের বিষয়টি জানাজানি হলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাঁরা জোটবদ্ধ হয়ে বিক্ষোভ মিছিল বের করে কোতোয়ালি থানার প্রধান ফটকের সামনে অবস্থান নেন এবং বিক্ষোভ প্রদর্শন করেন। শ্রমিকদের বিক্ষোভের মুখে সকাল সাড়ে ১০টার দিকে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
এরপর থানার সামনে থেকে আটক শ্রমিকদের ফুলের মালা পরিয়ে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দুপুর ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি দেলোয়ার হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম, মোকসেদ আলী প্রমুখ।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম বলেন, হোটেল মালিকেরা দোকান খুলতে চাইলে শ্রমিকেরা বাধা দেন। এ সময় উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি অনুকূলে রাখতে ঘটনাস্থল থেকে সাত শ্রমিককে আটক করা হলেও পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়।