রংপুরে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রী অগ্নিদগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রী অগ্নিদগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি হলেন দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাদিয়া ইরতিজ (২০)। তাঁর পিঠের ৮ শতাংশ ঝলসে গেছে। তাঁর বাড়ি পঞ্চগড় জেলায়।

গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ক্যাম্পাসে অবস্থিত শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে হিটারের আগুন থেকে ওই ছাত্রীর শরীরে আগুন লাগে। প্রত্যক্ষদর্শী ও হল কর্তৃপক্ষ সূত্র জানায়, হলের গণরুমে ১৮ জন শিক্ষার্থী বসবাস করে আসছিলেন। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে সাদিয়া হিটার বন্ধ করতে গেলে তাঁর জামায় আগুন ধরে যায়। তাঁর চিৎকারে কক্ষের অন্য শিক্ষার্থীরা ছুটে এসে দ্রুত তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।