রংপুরে লরিচাপায় স্কুলছাত্র নিহত, সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-রংপুর মহাসড়কে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের সামনে ওই প্রতিষ্ঠানের দ্বিতীয় শ্রেণীর ছাত্র শহরের পাশারিপাড়ার নাহিয়ান মোস্তাকিম ওরফে রুদ্র একটি তেলবাহী ট্যাংকলরির (রংপুর-ট-০৫-০০১৬) চাপায় ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় সে তার খালার সঙ্গে রিকশায় করে বিদ্যালয়ে যাচ্ছিল। এই দুর্ঘটনার পর শিক্ষার্থী ও এলাকাবাসী দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখে। সড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সোয়া ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। রিকশায় করে বিদ্যালয়ে যাওয়ার পথে মহাসড়কে পেছন থেকে একটি দ্রুতগামী তেলবাহী ট্যাংলরি চাপা দিলে রিকশা থেকে ছিটকে পড়ে গাড়িচাপায় ঘটনাস্থলেই সে নিহত হয়। ট্যাংলরি আটকা পড়লেও গাড়ির চালক পালিয়ে যান। নিহত ছাত্রের বাবা জেলার তারাগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা মমিনুল ইসলাম ছেলের এই মৃত্যুর খবর পেয়ে ছুটে যান রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। জরুরি বিভাগে ছেলের মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন। তিনি বিলাপ করতে থাকেন, ‘আমার স্বপ্ন সব শেষ হয়ে গেল। সকালে একসঙ্গে নাশতা খেয়ে আমাকে বিদায় জানায়।’ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হায়দার আলী বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।স্কুলছাত্র হত্যাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভনিজস্ব প্রতিবেদক, রংপুর আরও জানান, রংপুর কালেক্টরেট স্কুল ও কলেজের নবম শ্রেণীর ছাত্র আসিফ ইসলাম হত্যাকারীদের শাস্তির দাবিতে গতকাল রোববার এলাকাবাসী ও সহপাঠীরা মিছিল বের করে। তারা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করে স্মারকলিপি দেয়। শহরের কলেজ রোডের খামার এলাকার আসিফ গত ২৪ জুলাই নিখোঁজ হওয়ার পর ২৬ জুলাই জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ এলাকার ঘাঘট নদ থেকে তার লাশ উদ্ধার হয়। আসিফ ইসলামের বাবা গোলজার হোসেন বাদী হয়ে কোতোয়ালি থানায় ১০ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।