রংপুরে শান্তি সমাবেশ
রংপুরে জামায়াত-শিবিরের নাশকতা ও সন্ত্রাসের প্রতিবাদে এবং শান্তিশৃঙ্খলা রক্ষায় গতকাল রোববার বিকেলে পাবলিক লাইব্রেরি মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শান্তি সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধা, পেশাজীবী সংগঠন, ছাত্রসংগঠন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিল। এতে সভাপতিত্ব করেন সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহমেদ। বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোছাদ্দেক হোসেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান, কমিউনিস্ট পার্টির সভাপতি শাহাদত হোসেন, জাসদের সাধারণ সম্পাদক সাখাওয়াত রাঙ্গা, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হাক্কানী, মাহমুদুল হাসান, রফিকুল ইসলাম প্রমুখ। রংপুর নগরের ৩৩টি ওয়ার্ডের কাউন্সিলররা এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন।সমাবেশে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি জানিয়ে বক্তারা বলেন, একাত্তরের পরাজিত শক্তি আবারও এই দেশকে যুদ্ধের দিকে ঠেলে দিয়ে নৈরাজ্য সৃষ্টি করছে। হরতালের নামে তারা নাশকতা করছে। সংখ্যালঘুদের বাড়িঘরে আগুন দিচ্ছে। ব্যবসাপ্রতিষ্ঠানে লুটপাট করছে। তারা এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।মেয়র সরফুদ্দীন আহমেদ বলেন, ‘অতীতে অনেক হরতাল হয়েছে, কিন্তু এমন সহিংস ঘটনা ঘটেনি। মানুষের জানমালের নিরাপত্তা নেই। ধর্মীয় উপাসনালয় মন্দির ও সংখ্যালঘু পরিবারের বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে। এভাবে চলতে পারে না। তাই জনগণকে এগিয়ে আসতে হবে।’