রংপুরে শিক্ষককে হত্যার হুমকি
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও লেখক তুহীন ওয়াদুদকে মুঠোফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে। নিরাপত্তা চেয়ে তিনি গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে একটি আবেদন করেছেন। এ ছাড়া কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে নিরাপত্তা চেয়ে আবেদনে শিক্ষক অভিযোগ করেন, মঙ্গলবার বিকেল তিনটা ২৮ মিনিটে গ্রামীণফোনের একটি নম্বর থেকে তাঁর ব্যক্তিগত মুঠোফোনে হুমকি দেওয়া হয়। হুমকিদাতা জানান, উপাচার্যের কাজের বিরোধিতা করলে হত্যা করা হবে। অভিযোগকারী শিক্ষক তুহীন ওয়াদুদ বলেন, ‘একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গণতান্ত্রিক চর্চা হবে। সেখানে ভয়ভীতি ও হুমকি দেওয়ার ঘটনা ঘটছে। আমি এ ব্যাপারে রেজিস্ট্রারের কাছে নিরাপত্তা চেয়ে আবেদন করেছি।’ শিক্ষকের জিডি পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন।